খেলা

Mamoud Amna: আসন্ন মরসুমে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হবে: আল আমনা

অল্প কয়েকদিনের মধ্যেই লাল-হলুদ জনতার ভালাবাসা আর আবেগের মণিকোঠায় স্থান হয়ে গিয়েছিল এই সিরিয়ান ফুটবলারের।

সুদীপ্ত ভট্টাচার্য: আইজল এফসিকে আই লিগে চ্যাম্পিয়ন করে ভারতীয় ফুটবলের মক্কায় পদাপর্ণ করেছিলেন এক সিরিয়ান ফুটবলার। নাম মামুদ আল আমনা। লেসলি ক্লডিয়াস সরণির লাল-হলুদ তাঁবুতে পদাপর্ণ করেই আমনা বুঝে গিয়েছিলেন এই ক্লাবের আম জনতার আবেগের কথা। অল্প কয়েকদিনের মধ্যেই লাল-হলুদ জনতার ভালাবাসা আর আবেগের মণিকোঠায় স্থান হয়ে গিয়েছিল এই সিরিয়ান ফুটবলারের। আমনা তখন মশাল ব্রিগেডের ‘হ্যামলিনের বাঁশিওয়ালা’ (Mamoud Amna)।

মাত্র একটা বছর আমনা খেলেছিলেন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। কিন্তু হলে কি হবে ইস্টবেঙ্গলকে হৃদয়ের হৃদ মাঝারেই স্থান দিয়েছেন সিরিয়ান ফুটবলারটি। আমনা এখন ফুটবল থেকে বহু দূরে। কিন্তু তবুও তাঁর হৃদয়ে রয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। বিগত বেশ কয়েকটি বছর ইস্টবেঙ্গল সেইভাবে সাফল্য পায়নি। তাতে অন্য সমর্থকদের মত আমনারও মন থারাপ। কিন্তু এবার চাকা ঘুরবে বলেই ধারণা তাঁর (Mamoud Amna)।

গত বৃহস্পতিবার আমনা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেই ছবির ক্যাপশনে লেখা, ‘আমার আশা ইস্টবেঙ্গল এবার আইএসএল জিতবে’। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আমনার এই পোস্টটি। এরপরই আমনার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সিরিয়ান ফুটবলারটি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আসলে আমি এখনও ইস্টবেঙ্গলকে যেমন ভুলিনি, ঠিক তেমনি ভুলিনি লাল-হলুদ সমর্থকদের। রাতে ঘুমের মধ্যে মাঝে-মাঝে এখনও যেন শুনতে পাই, তাঁদের সেই গগণভেদি চিৎকার আমন আমনা, আমনা।’ কিন্তু ইস্টবেঙ্গল চলতি বছর আইএসএল জিতবে, তা আগাম কিভাবে বললেন? এই প্রশ্নের উত্তরে আমনা জানান, ‘আসলে এই দুইদিন আগে আমি শহিদদের ওপর তৈরি একটি সিরিজ দেখছিলাম। যার নাম হল ইবনে আল নাদি। সেখানে দেখি যে দলটা চ্যাম্পিয়ন হল তার লোগো আর ইস্টবেঙ্গল ক্লাবের লোগো পুরোপুরি এক। তার থেকেই আমার মন বলছে, এবার আইএসএল খেতাব জিতবে আমার প্রিয় দল ইস্টবেঙ্গল। আর যদি তা সত্যিই হয়, তাহলে আমার যে কি আনন্দ হবে, তা ভাষায় প্রকাশ করা যাবে না (Mamoud Amna)।’

Related Articles