Akshay Kumar: সাইবার অপরাধের শিকার অক্ষয় কন্যা! নগ্ন ছবি চাইল অপরিচিত ব্যক্তি
ভিডিও গেম খেলার সময় এক ব্যক্তির কাছ থেকে অনলাইনে নগ্ন ছবি চাওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে আনলেন খিলাড়ি-কন্যা নিতারা।
Truth of Bengal: সাইবার অপরাধের শিকার হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা। ভিডিও গেম খেলার সময় এক ব্যক্তির কাছ থেকে অনলাইনে নগ্ন ছবি চাওয়ার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সম্প্রতি প্রকাশ্যে আনলেন খিলাড়ি-কন্যা নিতারা। শুক্রবার মহারাষ্ট্রের রাজ্য পুলিশের সদর দপ্তরে ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। সেখানেই তিনি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই ভয়ানক ঘটনাটি ভাগ করে নেন এবং সাইবার অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন (Akshay Kumar)।
ঘটনার বিবরণ দিতে গিয়ে অক্ষয় কুমার জানান, তাঁর মেয়ে নিতারা অনলাইনে ভিডিও গেম খেলছিল। সেই গেমের মাধ্যমেই এক অপরিচিত ব্যক্তির সঙ্গে তার আলাপ হয়। অক্ষয় বলেন, “ওই ব্যক্তি আচমকাই নিতারার লিঙ্গ-পরিচয় জানতে চায়। এরপর নিতারা নিজেকে ‘মহিলা’ বলে পরিচয় দেওয়ার পরই ওই ব্যক্তির আচরণ বদলে যায়! কিছুক্ষণ বাদেই অপর প্রান্ত থেকে আমার মেয়ের নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।” এরপর কী পদক্ষেপ নেওয়া হলো, সে প্রসঙ্গে অভিনেতা জানান, “আমার মেয়ে বুদ্ধি করে তখনই অনলাইনে গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে গিয়ে গোটা ঘটনাটা জানায়। এইভাবেই তো অপরাধ প্রবণতা বাড়ে। সাইবার ক্রাইম শুরু হয় (Akshay Kumar)।”
নিজের মেয়ের অভিজ্ঞতা এবং চারদিকে ঘটে যাওয়া হাজারো সাইবার অপরাধের কথা মাথায় রেখে অক্ষয় কুমার মহারাষ্ট্র প্রশাসনের কাছে একটি গুরুত্বপূর্ণ আর্জি জানিয়েছেন। তিনি অনুরোধ করেন, মহারাষ্ট্র সরকারের উচিত, প্রতি সপ্তাহে স্কুল পড়ুয়াদের জন্য ‘সাইবার পিরিয়ড’ বা সাইবার সচেতনতা মূলক একটি ক্লাস চালু করা। এই ক্লাসের তালিকায় তিনি বিশেষ করে সপ্তম, অষ্টম, নবম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছেন। অভিনেতার মতে, এর মাধ্যমে নতুন প্রজন্ম বিপথে পা বাড়ানো বা সাইবার ক্রাইমের ফাঁদে পড়া থেকে সুরক্ষিত থাকতে পারবে (Akshay Kumar)।






