কলকাতা

Teacher Scam: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ সিবিআইয়ের

৭০ পাতার এই চার্জশিটটি পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট হিসেবে জমা দেওয়া হয়েছে।

Truth of Bengal: দুর্গাপূজা মিটতেই নিয়োগ দুর্নীতি মামলায় সক্রিয়তা বাড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ, একাদশীর দিন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ব্যাঙ্কশাল আদালতে তাদের চূড়ান্ত চার্জশিট পেশ করল। ৭০ পাতার এই চার্জশিটটি পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট হিসেবে জমা দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সিবিআইয়ের এই চূড়ান্ত চার্জশিটে একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে। এই তালিকায় নাম রয়েছে তৃণমূলের নদিয়ার নাকাশিপাড়ার প্রাক্তন বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য ও বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারী-এর। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-এর গ্রেফতারির পর একে একে মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী-সহ একাধিক ব্যক্তি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন একাধিক আধিকারিক সিবিআই তদন্তের জালে জড়িয়ে পড়েন। মামলাটি প্রথমে আলিপুর আদালতে চললেও, পরে তা ব্যাঙ্কশাল আদালতে স্থানান্তরিত হয়।

এই নিয়োগ দুর্নীতির জেরেই ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল রাজ্য রাজনীতিতে। এই মামলার সূত্র ধরে ২০২৩ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর নির্দেশে ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়। পরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও সিঙ্গেল বেঞ্চের এই রায় বহাল রাখা হয়েছিল। এরপর মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সিবিআইয়ের এই চূড়ান্ত চার্জশিট দাখিলের মাধ্যমে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়া এক গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছাল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles