আন্তর্জাতিক

আমেরিকার শুল্ক চাপ সামলাতে পুতিনকে ফোন মোদির, বিস্ফোরক দাবি ন্যাটো সেক্রেটারির

এরই মাঝে বিস্ফোরক দাবি করলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট।

Truth Of Bengal: বর্তমানে আন্তর্জাতিক রাজনীতি উত্তপ্ত ভারতের উপর আমেরিকার শুল্ক চাপানো নিয়ে। তার উপর আরও বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর পাশাপাশি একাধিক প্রয়োজনে জিনিসপত্রের উপরও কর বসানো হয়েছে। জাতীয় সুরক্ষা ও স্বার্থের কথা মাথায় রেখে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। এরই মাঝে বিস্ফোরক দাবি করলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। তাঁর বক্তব্য, মার্কিন শুল্কবান সামলাতে পুতিনকে ফোন করেন মোদি এবং রাশিয়ার পরিকল্পনা জানতে চান আগামীদিনে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন নিয়ে।(US Tariffs)

এক মার্কিন সংবাদমাধ্যমকে রুট এই ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেছেন, “যেহেতু ভারত তেল কেনে রাশিয়া থেকে, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতীয় পণ্যের উপর। সেই কারণেই রাশিয়ার উপর বড়সড় প্রভাব পড়েছে আমেরিকার এই সিদ্ধান্তের।” এরপর ন্যাটো কর্তা সেই বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “মোদি এখন ফোন করেছেন পুতিনকে। তিনি জানিয়েছেন তিনি রয়েছেন রাশিয়ার পাশে। কিন্তু এর সঙ্গে তিনি এটাও জানতে চেয়েছেন যে ইউক্রেন নিয়ে তাদের পরিকল্পনা কি।” যদিও এখনো পর্যন্ত এই ব্যাপারে রাশিয়া ও ভারতের তরফ থেকে কিছু জানা যায়নি।(US Tariffs)

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কিনে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ তুলে শুল্কের হার দ্বিগুণ করা হয় ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। যদিও নয়াদিল্লির তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে দেশের চাহিদার কথা মাথায় রেখেই তারা যাবতীয় সিদ্ধান্ত নেবে। যদিও এই সবকিছুর মাঝেও মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার এমনও দাবি করেছেন যে ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো। এমনকি মোদির জন্মদিনে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন ট্রাম্প। কিন্তু শুল্ক চাপানোর ক্ষেত্রে তাঁর অবস্থান একই রয়ে গেছে।(US Tariffs)