যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পাল্টা ব্যবস্থা, ঘোষণা কানাডা, মেক্সিকো ও চিনের
Canada, Mexico and China announce countermeasures to US tariff policy
Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছিলেন। এ ছাড়া চিনের পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের আদেশ দিয়েছেন তিনি। শনিবার এ-সংক্রান্ত তিনটি পৃথক আদেশে সই করেছেন ট্রাম্প। এই আদেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। এরপরই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম শনিবার ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তাঁর দেশ। শুল্ক আরোপ-সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। মাদক পাচারকারী গোষ্ঠীগুলির সঙ্গে মেক্সিকো সরকারের মৈত্রী রয়েছে বলে ওয়াশিংটনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ক্লাউদিয়া শেনবাউম। তিনি এই অভিযোগকে অপবাদ হিসাবে অভিহিত করেছেন।
এদিকে, ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে তাঁর সরকার। মঙ্গলবার থেকে ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। আর বাকি ১২৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ কার্যকর হবে ২১ দিনের মধ্যে।
অন্যদিকে চিনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে। চিনের বাণিজ্যমন্ত্রক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। চিনের বাণিজ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চিন ভীষণ অসন্তুষ্ট। তারা দৃঢ়ভাবে এর বিরোধিতা করে। এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির গুরুতর লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেবে চিন।






