India-China: ভারতের বাজার ধরতে কাছাকাছি আসছে বেজিং, ফের শুরু তিন পণ্যের রফতানি
ইতিমধ্যেই রাজধানী সূত্রে খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তিনটি জিনিসের রফতানি ফের শুরু করার আশ্বাস দিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।
Truth of Bengal: হোয়াইট হাউসের ওভাল অফিসে বসার কয়েকদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছেন ভারতের ওপর। ভারতীয় পণ্যের ওপর প্রথমে ২৫ শতাংশ, পরে আরও বাড়িয়ে মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একদা ‘বন্ধু’ দেশ ভারতের ওপর এই শুল্ক চাপিয়ে দেওয়া নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় তীব্র চাপানউতোর। আর সেই ফাঁক গলেই ভারতের মত বিশাল জনসংখ্যার দেশের বাজার ধরতে আরও কাছাকাছি চলে এল বেজিং (India-China)।
আরও পড়ুনঃ Child Accident: ইসলামপুরের মেলা মাঠ এলাকায় জলে ডুবে এক কিশোরের মৃত্যু হল
ইতিমধ্যেই রাজধানী সূত্রে খবর, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে তিনটি জিনিসের রফতানি ফের শুরু করার আশ্বাস দিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সোমবার দু’দিনের সফরে ভারতে আসেন তিনি। সেদিনই জয়শঙ্করের সঙ্গে দেখা করেন ওয়াং ই। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ওই তিনটি সামগ্রী অর্থাৎ কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার, দুষ্প্রাপ্য খনিজ এবং সুড়ঙ্গ খনন করার যন্ত্র টানেল বোরিং মেশিন (টিবিএম) আবার ভারতে রফতানি করার কথা জানিয়েছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং। এর আগে এই সামগ্রীগুলি ভারতে রফতানি করার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছিল চিন। কিন্তু মনে করা হচ্ছে, এ বার সেই নিষেধাজ্ঞাই প্রত্যাহার করে নিতে চলেছে তারা। ইতিমধ্যেই এই তিন পণ্য রফতানি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে শি জিনপিঙের প্রশাসন বলে সূত্রের খবর (India-China)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ভারত কৃষিপ্রধান দেশের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে সারা বিশ্বের মধ্যে। কিন্তু চাষবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরিয়া ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি)-এর মত সার রফতানি চিন বন্ধ করায় জোগানে টান পড়ছিল, বাড়ছিল দাম। অন্য দিকে, টানেল বোরিং মেশিনের ক্ষেত্রেও পর্যাপ্ত জোগান না থাকায় থমকে যাচ্ছিল নির্মাণকাজ। ইলেকট্রনিক গাড়ি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হল দুষ্প্রাপ্য খনিজ পদার্থ। বিশ্বের বিভিন্ন দেশ এই খনিজের জন্য চিনের ওপর নির্ভরশীল। চিন নিরাপত্তাগত কারণ দেখিয়ে ভারতে এই দুষ্প্রাপ্য খনিজ রফতানির বিষয়েও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ভারতে ক্রমবর্ধমান ইলেকট্রনিক গাড়ির বাজার এর ফলে সমস্যায় পড়ছিল, অসুবিধায় পড়ছিল গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। গত মাসে চিন সফরে গিয়ে এই সব সমস্যার কথা সে দেশের বিদেশমন্ত্রীকে জানিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন বাণিজ্য সম্পর্কে দোলাচলের মাঝে এবার সেই সব সমস্যার সমাধান করে ভারতের কাছে আরও এগিয়ে এল বেজিং (India-China)।
দু’দিনের সফরে মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। সেই বৈঠকে মূলত ভারত-চিন সীমান্ত সংক্রান্ত বিষয় সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে (India-China)।






