খেলা

KL Rahul: কেএল রাহুল কি নাইট শিবিরে? কেকেআরের জার্সিতে দেখা যেতে পারে ভারতীয় ওপেনারকে!

ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার- দুই ভূমিকাতেই নজর কাড়েন। তারপর ইংল্যান্ড সফরে গিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি।

Truth of Bengal: আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে কেএল রাহুলকে।  চলতি ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা এই ভারতীয় ওপেনারকে দলে নিতে আগ্রহী নাইট শিবির। এমনটাই খবর ক্রিকেটমহলের অন্দরমহল থেকে। সম্প্রতি প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ছেঁটে ফেলেছে কেকেআর ম্যানেজমেন্ট। এরপর থেকেই দলে রদবদলের জল্পনা তুঙ্গে। সেই পরিকল্পনারই অঙ্গ হতে পারেন রাহুল, মনে করছেন বিশেষজ্ঞরা। গত আইপিএলে ১৪ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন রাহুল (KL Rahul)।

আরও পড়ুন: Teacher Humanity: স্কুল শিক্ষকের মানবিকতার আরো এক নিদর্শন, অসুস্থ ছাত্রীকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা শিক্ষকের

ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার- দুই ভূমিকাতেই নজর কাড়েন। তারপর ইংল্যান্ড সফরে গিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত দুটি শতরান-সহ পাঁচশোর বেশি রান করে ফেলেছেন। তাঁর এই পারফরম্যান্সেই চটজলদি সক্রিয় হয়েছে কেকেআর। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের কাছে রাহুলকে ট্রেড করার আগ্রহ প্রকাশ করেছে কেকেআর। নাইটদের দলে রাহুল এলে একসঙ্গে একাধিক সমস্যার সমাধান হতে পারে। কারণ, কুইন্টন ডি’কক এবং রহমানুল্লাহ গুরবাজের মতো উইকেটকিপার-ব্যাটাররা গতবার খুব একটা সফল হননি। সেখানে রাহুল নিজেই একজন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। পাশাপাশি একজন বিদেশি ক্রিকেটার খেলানোর অতিরিক্ত সুযোগও তৈরি হবে (KL Rahul)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এছাড়া, নাইটদের অধিনায়কত্বের দায়িত্বও সামলাতে পারেন রাহুল। এর আগে কিংস ইলেভেন পঞ্জাব ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অধিনায়কত্ব করেছেন তিনি। কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গেও রাহুলের রসায়ন বেশ ভালো। রাহুল একাধিকবার প্রকাশ্যে বলেছেন, তাঁর ব্যাটিং পরিণতির পিছনে নায়ারের বড় ভূমিকা রয়েছে। তবে এখানেই রয়েছে জটিলতা। কেকেআর যদি ট্রেডের মাধ্যমে রাহুলকে নিতে চায়, তবে বদলি হিসাবে দিল্লি ক্যাপিটালসকে কাকে দেওয়া হবে, তা এখনও পরিষ্কার নয়। সেই জট না কাটলে একমাত্র উপায় থাকবে নিলামে ঝাঁপানো। ফলে কেএল রাহুল আদৌ কেকেআরে খেলবেন কিনা, সেটা এখনও অনিশ্চিত। তবে ক্রিকেটমহলের জোর জল্পনা, নাইটদের পরের মরশুমের রূপরেখায় জায়গা করে নিয়েছেন রাহুল। এখন দেখার, বাস্তবেও তা মেলে কি না (KL Rahul)।

Related Articles