নাইটদের বিরুদ্ধে রেকর্ডের সামনে হার্দিক-বুমরাহ, ওয়াংখেড়েতে ইতিহাস বদলাবে কেকেআর?
সব মিলিয়ে রবিবারের ম্যাচ শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, বরং রেকর্ড, প্রতিশোধ আর মর্যাদার এক মহারণ।
Truth of Bengal: আইপিএলের উনিশতম সংস্করণে জমে উঠেছে লড়াই। দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হতে চলেছে দুই শক্তিশালী দল- কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। একদিকে তারকাখচিত, খেতাবের দাবিদার মুম্বই, অন্যদিকে চোটে জর্জরিত হলেও লড়াকু কেকেআর, সব মিলিয়ে রবিবারের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
কাগজে-কলমে কিছুটা পিছিয়ে থাকলেও কেকেআর শিবিরে ভরসার জায়গা দুই রহস্য স্পিনার- সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। এই দু’জনই একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বিশেষ করে বরুণ চক্রবর্তী, যিনি মাত্র ৩ উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন। অন্যদিকে নারিনের সামনে রয়েছে আইপিএলে ২০০ উইকেটের লক্ষ্য, যদিও সেই রেকর্ড এদিন হওয়া কঠিন।
অধিনায়ক অজিঙ্কা রাহানেও ব্যক্তিগত নজিরের সামনে দাঁড়িয়ে। আর মাত্র ৪টি ছক্কা মারলেই টি-২০ ক্রিকেটে ২০০ ছক্কার ক্লাবে ঢুকে পড়বেন তিনি।
অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সও কম যায় না। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া মাত্র ২টি ছক্কা মারলেই আইপিএলে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করবেন। আর জসপ্রীত বুমরাহ ৫টি উইকেট পেলেই টি-টোয়েন্টিতে ৩৫০ উইকেট পূর্ণ করবেন।
তবে ইতিহাস কিন্তু কেকেআরের পক্ষে কথা বলছে না। দুই দলের মুখোমুখি লড়াইয়ে স্পষ্ট আধিপত্য মুম্বইয়ের- ৩৫ ম্যাচে ২৪ জয় তাদের। ওয়াংখেড়েতে তো আরও করুণ পরিসংখ্যান নাইটদের জন্য- ১২ ম্যাচে মাত্র ২ জয়।
এই ম্যাচে আরও এক নজিরের হাতছানি রয়েছে রোহিত শর্মার সামনে। কেকেআরের বিরুদ্ধে হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে তাঁর।
সব মিলিয়ে রবিবারের ম্যাচ শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, বরং রেকর্ড, প্রতিশোধ আর মর্যাদার এক মহারণ। এখন দেখার-নারিন-বরুণের স্পিন জাদু কি ইতিহাস বদলাতে পারে, নাকি মুম্বইয়ের দাপটই আবার প্রমাণিত হবে!






