আন্তর্জাতিক

Plane Fire: টেক অফের আগেই বিমানে আগুন, অল্পের জন্য বাঁচল প্রাণ

দাউ দাউ করে বেরোতে থাকে কালো ধোঁয়া। ঘটনার জেরে চরম আতঙ্কের সৃষ্টি হয় ডেনভার বিমানবন্দরে।

Truth Of Bengal: কিছুক্ষণ দেরি হলেই ঘটতে পারত বড়সড় বিপর্যয়। তবে শেষ মুহূর্তের তৎপরতায় রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য। আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানে টেক অফের ঠিক আগে হঠাৎ করে ল্যান্ডিং গিয়ারে আগুন (Plane Fire) ধরে যায়। দাউ দাউ করে বেরোতে থাকে কালো ধোঁয়া। ঘটনার জেরে চরম আতঙ্কের সৃষ্টি হয় ডেনভার বিমানবন্দরে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের পাশ থেকে হঠাৎ করেই কালো ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় রানওয়ে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও বিমানবন্দরের কর্মীদের দ্রুত হস্তক্ষেপে সমস্ত যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়। এই সময় এক কর্মী সামান্য আহত হলেও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টার পর আগুন (Plane Fire) নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পরেই সামাজিক মাধ্যমে  ছড়িয়ে পড়ে আতঙ্কের ভিডিও ফুটেজ। দেখা যায়, কীভাবে আতঙ্কিত যাত্রীদের একে একে বিমানের স্লাইড দিয়ে নামানো হচ্ছে। চারদিকে শুধু ধোঁয়া আর চিৎকার। প্রাথমিক তদন্তে অনুমান, বিমানের একটি টায়ারে রক্ষণাবেক্ষণের ত্রুটি থেকেই এই আগুন লাগে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, যাত্রীদের একজনের আচরণ ঘিরে তৈরি হয়েছে চরম বিতর্ক। অভিযোগ, বিমানে থাকা এক ব্যক্তি নিজের সন্তানের নিরাপত্তার চেয়েও লাগেজ বাঁচানোকে বেশি গুরুত্ব দেন।

ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি এক হাতে বাচ্চার গলা ধরে রেখে অন্য হাতে লাগেজ টানতে টানতে নামার চেষ্টা করছেন। ভারসাম্য হারিয়ে একসময় পড়েও যান তিনি। এই ঘটনার নিন্দায় মুখর হয়েছেন নেটিজেনরা (Plane Fire)। প্রশ্ন উঠেছে, বিপদের সময় একজন পিতা কীভাবে এমন আত্মকেন্দ্রিক আচরণ করতে পারেন। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা মানদণ্ড আরও কড়া করা হবে। যাত্রীদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।

Related Articles