দিল্লিতে ঘন কুয়াশার দাপট, বাতিল ১৪৮টি বিমান
এদিন অন্তত ১৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিলম্বিত হয়েছে ১৫০টিরও বেশি ফ্লাইট।
Truth Of Bengal: বছরের শেষ দিনে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। দৃশ্যমানতা কমে যাওয়ায় বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এদিন অন্তত ১৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিলম্বিত হয়েছে ১৫০টিরও বেশি ফ্লাইট।
দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) সূত্রে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দুটি বিমানের পথ পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দরের একজন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৭৮টি আগমনের এবং ৭০টি প্রস্থানের ফ্লাইট রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক বার্তায় DIAL জানিয়েছে, সকালের দিকে দৃশ্যমানতার কিছুটা উন্নতি হলেও কিছু ফ্লাইট এখনও প্রভাবিত হতে পারে। যাত্রীদের সহায়তা করার জন্য বিমানবন্দরের কর্মীরা বিভিন্ন টার্মিনালে কাজ করছেন।
অন্যদিকে, বেসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে যে উত্তর ভারতের বিভিন্ন অংশে কুয়াশার কারণে নির্দিষ্ট কিছু বিমানবন্দরে উড়ান চলাচল ব্যাহত হতে পারে। মন্ত্রকের পক্ষ থেকে বিমান সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন যেন যাত্রীদের সঠিক সময়ে তথ্য প্রদান, বিলম্বের সময় প্রয়োজনীয় সহায়তা এবং প্রয়োজনে টিকিট রি-বুকিং বা রিফান্ডের ব্যবস্থা নিশ্চিত করে।
সাধারণত দিল্লির এই ব্যস্ততম বিমানবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ১,৩০০টি বিমান চলাচল করে। তবে তীব্র কুয়াশার পাশাপাশি দিল্লির বায়ুমানেরও (AQI) অবনতি ঘটেছে, যা বর্তমানে খুবই নিম্ন পর্যায়ে রয়েছে। বছরের শেষ দিনে বিমান বিভ্রাটের কারণে কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।






