Tej Pratap Yadav: তেজপ্রতাপ যাদবের নতুন রাজনৈতিক অধ্যায়, নির্দল প্রার্থী হিসেবে লড়বেন তিনি
সম্প্রতি বাবার নির্দেশেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) থেকে বহিষ্কৃত হয়েছেন তেজপ্রতাপ।
Truth of Bengal: বিহারের রাজনীতিতে ফের এক নতুন মোড়। লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব (Tej Pratap Yadav) এবার নির্দল প্রার্থী হিসাবে মহুয়া কেন্দ্র থেকে নির্বাচনে লড়তে চলেছেন। নিজেই একথা ঘোষণা করেন তিনি। রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত তেজপ্রতাপের রাজনৈতিক আত্মপ্রকাশের এক নতুন অধ্যায়। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি আর পরিবারের ছত্রছায়ায় নয়—চলবেন নিজের পথে। সম্প্রতি বাবার নির্দেশেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) থেকে বহিষ্কৃত হয়েছেন তেজপ্রতাপ। সেই বহিষ্কারের রেশ কাটতে না কাটতেই ঘোষণা করলেন, আসন্ন নির্বাচনে নিজের কেন্দ্র মহুয়া থেকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু তাই নয়, তিনি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন ‘টিম তেজপ্রতাপ’ নামে এক রাজনৈতিক সংগঠন।
বলা বাহুল্য, দল ও পরিবার থেকে বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে (Tej Pratap Yadav)বহিষ্কার করেছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদব ৷ অনুষ্কা যাদবের সঙ্গে প্রেমের গুজবের পর তাঁকে ত্যাজ্য বলে ঘোষণা করেন লালু ৷ এরপর থেকেই বিহারের বিধানসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নেন তেজপ্রতাপ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেজপ্রতাপ বলেন, ‘ টিম তেজপ্রতাপ একটি এমন প্ল্যাটফর্ম যা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চায়। আমরা মহুয়া থেকে লড়ব। সেখানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে ঠিকই, কিন্তু তারা এখন থেকেই অস্বস্তিতে পড়েছে।‘ তাঁর কথায় স্পষ্ট, এবার আর নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হতে পারবেন না, এমনও বার্তা দিলেন তিনি।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
বলা বাহুল্য গত কয়েক সপ্তাহ ধরেই তিনি স্পষ্ট করে দিলেন যে, পরিবার এবং দলে নিজের অবস্থান নিয়ে তিনি সন্তুষ্ট নন।আরজেডি-র পতাকা সরিয়ে ফেলেছেন নিজের গাড়ি থেকে। সেইসঙ্গে খুলেছেন ‘টিম তেজপ্রতাপ’ নামে ফেসবুক পেজ, সেখানে দেওয়া হয়েছে এক নতুন স্লোগান—যা বোঝায়, তিনি এখন নিজের রাজনৈতিক ব্র্যান্ড তৈরি করতে চাইছেন। তেজপ্রতাপের এই পদক্ষেপ আরজেডির ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে, বিশেষত যাদব ও মুসলিম ভোটে বিভাজন তৈরি হতে পারে। মহুয়া কেন্দ্রে তিনি আগেও জিতেছেন, তাই সেখানে তাঁর প্রভাব এখনও রয়েছে বলে মনে করছেন অনেকেই। তেজপ্রতাপের নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নামা শুধু একটি কেন্দ্রের লড়াই নয়, বরং বিহারের বৃহত্তর রাজনীতিতে লালু-পরিবারের অভ্যন্তরীণ টানাপোড়েন ও নেতৃত্বের ভবিষ্যৎ দিশার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, এই নতুন রাজনৈতিক অভিযানে তেজপ্রতাপ কতটা সফল হন এবং তা বিহারের রাজনীতিতে কতটা অভিঘাত ফেলে।(Tej Pratap Yadav)






