রাজস্থান ইউনাইটেডের দীর্ঘদেহী ডিফেন্ডারকে টার্গেট লাল-হলুদের
Rajasthan United's tall defender targeted by Red-Yellows
Truth of Bengal: আগামী মরসুমের জন্য দল বেশ অনেকদিন আগে থেকেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে বেশ কয়েকজন নতুন স্বদেশী খেলোয়াড়কে তারা দলে নিতে বিশেষ আগ্রহী। তার মধ্যে অন্যতম হলেন গত মরসুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে নজরকাড়া ডিফেন্ডার মার্তণ্ড রায়না।
গত মরসুমে রাজস্থান ইউনাইটেডের হয়ে মার্তণ্ড মোট ২১টি ম্যাচ খেলেছিলেন। মূলত ডিফেন্ডার হলেও গোল করতে সিদ্ধহস্ত তিনি। রাজস্থানের হয়ে আই লিগের আসরে মোট ৪টি গোলও রয়েছে তাঁর ঝুলিতে। একজন ভাল ডিফেন্ডার হতে গেলে যা যা গুণ থাকা দরকার মার্তণ্ডর মধ্যে প্রায় সবই রয়েছে। তাঁর হেডিং যেমন ভাল, তেমনি বল ধরে খেলতেও সিদ্ধহস্ত। তাই মার্তণ্ডকে দলে আগামী মরসুমে আইএসএল-র অনেক দলই টার্গেট করেছিল। কিন্তু সূত্রের খবর, অন্য কোনও ক্লাবে নয়, মার্তণ্ড ইস্টবেঙ্গলে খেলতেই বেশি আগ্রহী। এবং তাঁর সঙ্গে নাকি কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে লাল-হলুদ কর্তাদের। শোনা যাচ্ছে ৩ বছরের চুক্তিতে লাল-হলুদ জার্সি গায়ে তুলতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, গত মরসুমে ইস্টবেঙ্গলকে ভুগতে হয়েছে ডিফেন্ডারদের পারফরম্যান্সের জন্যই। কোনও টুর্নামেন্টেই সেইভাবে ধারাবাহিকতা দেখাতে পারেননি লাল-হলুদের ডিফেন্ডাররা। তাই এবার যাতে সেই সমস্যার সম্মুখীন না হতে হয়, সে কারণে রক্ষণের ওপর বিশেষ জোর দিতে চলেছন লাল-হলুদ কর্তারা।






