কলকাতা

“টাকা নিয়ে ধামাচাপা দিতে চাইছে” সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভয়ার মা-বাবার

Abhaya's parents make explosive allegations against CBI, saying they are "trying to cover up the incident with money"

Truth Of Bengal: আবারো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে আক্রমণ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের মা-বাবার। এবার তাঁরা তুললেন আরও বড় অভিযোগ। অভয়ার পরিবারের বক্তব্য, সিবিআই মামলা ধামাচাপা দেওয়ার জন্য টাকা খেয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পর্যন্ত লিখেছেন তাঁরা হস্তক্ষেপ করতে।

গতবছর আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা হইচই ফেলে দেয় বঙ্গ রাজনীতিতে। রাত দখল থেকে শুরু করে ‘দ্রোহের কার্নিভাল’, একাধিক কর্মসূচি নেওয়া হয় জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষের তরফ থেকে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন সিবিআই তদন্তের দায়িত্ব পাওয়া সত্ত্বেও আসল হত্যাকারীকে খুঁজে পেতে সফল হয়নি। এখানেই শেষ নয়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন ও ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদন্ডের রায়ে ক্ষুব্ধ হয় গোটা রাজ্য।

তবে এবার এই মামলায় এলো নতুন মোড়। সিবিআইয়ের বিরুদ্ধে টাকার বিনিময় মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন অভয়ার মা-বাবা এবং চিঠি লেখেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করার জন্য। তাঁরা বলেন, “আমরা খবর পেয়েছি ঘটনাটা ধামাচাপা দিতে চাইছে সিবিআই টাকার বিনিময়ে। তেমন হলে আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবো।” এবার দেখার বিষয় যে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি অভয়ার মা-বাবার আর্জিতে সারা দেন কিনা। কোনদিকে এগোচ্ছে মামলা? তা বলবে সময়।

Related Articles