খেলা

ইস্টবেঙ্গলকে সমীহ করেও ভাল খেলার আশ্বাস চের্নিশভের

Chernyshov assures of good performance despite respecting East Bengal

Truth Of Bengal: চলতি আইএসএল-এ শনিবারই প্রথম ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মহমেডান। কলকাতার দুই দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এখনও অবধি আইএসএল-এর পয়েন্ট টেবিলে কলকাতার দুই দলের অবস্থা তথৈবচ। অর্থ্যাৎ টেবিলের শেষের দিকে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে তারা। কাজেই শনিবারের মহারণ দুই দলের কাছেই ডু-আর ডাই বলেই মনে করেন মহমেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভ।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদা-কালো ব্রিগেডের হেডস্যার জানান, ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল গড়েছে এই বছর। সাময়িকভাবে ওঁরা হয়তো কিছুটা ব্যাকফুটে ছিল। কিন্তু এখন অস্কার ব্রুঁজোর হাত ধরে দলটা আবার ঘুড়ে দাঁড়িয়েছে। আইএসএল-এ পয়েন্টের খাতা এখনও খুলতে না পারলেও ইস্টবেঙ্গলকে ছোটো করে দেখার কোনও কারণ নেই। যে কোনও সময় ম্যাচের রং বদলে দেওয়ার খেলোয়াড় লাল-হলুদ শিবিরে আছে। কাজেই অস্কারের দলকে নিয়ে তো চিন্তা-ভাবনা করতেই হবে বলে জানান মহমেডান কোচ। বিশেষ করে দিয়ামান্তাকোস, ক্রেসপোর প্রশংসা করতেও পিছপা হলেন না তিনি।

এরপরই নিজের দলের কথা বলতে গিয়ে চের্নিশভ জানান, আমরা আইএসএল-এ প্রথম খেললেও প্রতিটি ম্যাচেই লড়াই করেছি। কখনও বিনা যুদ্ধে মাঠ ছেড়ে আসিনি। শনিবারও এর কোনও ব্যতিক্রম হবে না। আমরাও তৈরি আছি ভাল খেলার জন্য। মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশ্বাসও দিলেন তিনি। তবে মহমেডান ডিফেন্সের অন্যতম স্তম্ভ জোসেফ আদেজাই না থাকাটা তাঁর দলের বড় ক্ষতি বলে মেনে নিলেও, যাঁরা আছেন তাঁদের নিয়েই শনিবার মশাল নেভানোর ছক কষছেন চের্নিশভ।

মহমেডানে তাঁর ভবিষ্যৎ সম্বন্ধে বলতে গিয়ে রাশিয়ান কোচ জানান, ভবিষ্যতে কি হবে সে তো ভবিষ্যৎ বলবে। তাই সে দিকে মন না দিয়ে আমি আমার কাজ করে যাচ্ছি সাধ্যমত। বাকি কাজ তো খেলোয়াড়রা করবে। তবে শনিবারের ম্যাচেও যাতে সমর্থকরা দল বেঁধে মাঠে এসে তাঁদের সমর্থন করেন, সেই আবেদনও জানালেন চের্নিশভ। তাঁরাই তো দলের খেলোয়াড়দের ভাল খেলার ইউএসপি। দেখা যাক ইন্ডিয়ান সুপার লিগের প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে হারিয়ে মহমেডান নজির গড়তে পারে কি না তা সময়ই বলবে। তবে ম্যাচ হারলে যে তাঁর ওপর যে চাপ বাড়বে হাবে-ভাবে তা ভালই টের পেয়েছেন চের্নিশভ।

Related Articles