হলুদ সতর্কতা ৪ জেলায়! বঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
Truth Of Bengal: চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই এই অকাল বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের অন্তত নয়টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।
কলকাতাতেও মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেখানে আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে এই বৃষ্টির জেরে ঠান্ডা ফেরার কোনও লক্ষণ নেই; বরং আগামী সাত দিন তাপমাত্রা বৃদ্ধির ধারা বজায় থাকবে।
বর্তমানে শীত বিদায় নিয়ে বসন্তের শুরুতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সল্টলেকের তাপমাত্রা ২১ ডিগ্রি ছাড়িয়েছে এবং দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে নামেনি। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই, বরং আর্দ্রতা ও তাপমাত্রার প্রভাবে গরমের দাপট উত্তরোত্তর বৃদ্ধি পাবে।






