“অস্থায়ী নির্মাণ সরান, নাহলে পুলিশ পাঠাব!”, ফলতায় অভিষেকের ‘সেবাশ্রয়’ ভাঙার নির্দেশ হাইকোর্টের
খেলার মাঠ দখল করে বেআইনি নির্মাণ? ফলতায় অভিষেকের ড্রিম প্রজেক্টে বুলডোজার চালানোর নির্দেশ বিচারপতির!
Truth of Bengal: আইনি জটিলতায় আবার বড় সড় ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের প্রাক্তন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতায় তৈরি তাঁর স্বপ্নের প্রকল্প ‘সেবাশ্রয়’-এর বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই চাঞ্চল্যকর মামলার শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ আইনি তর্ক-বিতর্ক শেষে উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, খেলার মাঠ দখল করে তৈরি করা ওই সমস্ত অবৈধ নির্মাণ দ্রুত সরিয়ে ফেলতে হবে।
ঘটনার সূত্রপাত ফলতা বিডিও অফিসের সংলগ্ন একটি সরকারি খেলার মাঠকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে, স্থানীয়দের খেলাধুলার মাঠটি জোরপূর্বক দখল করে সেখানে ‘সেবাশ্রয়’-এর দুটি বৃহৎ নির্মাণ গড়ে তোলা হয়েছিল। সম্পূর্ণরূপে সরকারি নিয়মকানুন বুড়ো আঙুল দেখিয়ে ও আইনি অনুমতি ছাড়া এই নির্মাণ কাজ চালানো হয়েছে, এই মর্মে উচ্চ আদালতের দ্বারস্থ হন আইনজীবী আমিনুদ্দিন খান। আবেদনে তিনি দাবি করেন, সাধারণ মানুষের ব্যবহৃত খেলার মাঠ পুনরুদ্ধার করতে বেআইনি ভবন দুটি অবিলম্বে গুঁড়িয়ে দেওয়া হোক।
বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল অত্যন্ত কড়া। শুনানিকালে রাজ্য প্রশাসনকে উদ্দেশ্য করে বিচারপতি কড়া সুরে প্রশ্ন তোলেন, “ওই অস্থায়ী নির্মাণগুলো অবিলম্বে সরিয়ে দিন। নাকি আমরা রাজ্য পুলিশকে নির্দেশ দিয়ে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব?” আদালতের এই কড়া অবস্থানের পর প্রমাদ গুনতে শুরু করেছে সংশ্লিষ্ট মহল। আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবং এই সময়সীমার মধ্যেই যাবতীয় পদ্ধতিগত ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারের দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও পরিষেবা দেওয়ার তাগিদে ‘সেবাশ্রয়’ মডেল চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যে প্রশাসনিক ও রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এই কেন্দ্রগুলিকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসছে। নিখরচায় নিম্নমানের চিকিৎসা, ভুয়ো ওষুধ বিতরণ-সহ একাধিক গুরুতর অভিযোগে অভিষেকের বিরুদ্ধে ইতিমধ্যেই কয়েকটি থানায় এফআইআর দায়ের হয়েছে। তার ওপর ফলতার এই ঐতিহাসিক খেলার মাঠ দখল কাণ্ডে হাইকোর্টের ভাঙার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আইনি ও রাজনৈতিক চাপ বহুগুণ বৃদ্ধি পেল।






