দেশ

ককরোচ আন্দোলনের পর মোক্ষম চাল! এবার সরাসরি জেন জি-র ‘মন কি বাত’ শুনবেন মোদি

শিক্ষক দিবসেই ধামাকা! এসআরসিসি-র শতবর্ষে জেন জি-র সামনে মোদির মাস্টারস্ট্রোক

Truth of Bengal: নিটের প্রশ্নফাঁসের বিরোধিতায় দেশজুড়ে তরুণ প্রজন্মের গর্জন দেখেছে ভারত। সেই আন্দোলনের মধ্য দিয়েই আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) এবং দেশের জেন জি (Gen Z)। তরুণদের এই স্বতঃস্ফূর্ত এবং মোটের ওপর শান্তিপূর্ণ আন্দোলনের জেরে শেষপর্যন্ত শিক্ষামন্ত্রীকে ইস্তফাও দিতে হয়। শিক্ষামন্ত্রীর ইস্তফার পর আন্দোলন শিথিল হলেও জেন জি-র ক্ষমতা ও প্রাসঙ্গিকতা নিয়ে দেশজুড়ে চর্চা অব্যাহত। এবার সেই জেন জি-কে কাছে টানতে নজিরবিহীন উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, নিট বিতর্কের পর এই প্রথমবার তরুণ প্রজন্মের মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী। আগামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসে দিল্লির খ্যাতনামা শ্রীরাম কলেজ অফ কমার্সে (SRCC) উপস্থিত হবেন নরেন্দ্র মোদি। কলেজের শতবর্ষ পূর্তি উদযাপনের এই বিশেষ মঞ্চ থেকেই তিনি জেন জি-র উদ্দেশ্যে প্রধান বক্তৃতাটি দেবেন। তবে কেবল একমুখী ভাষণ নয়, সূত্রের দাবি, পড়ুয়াদের মাঝে বসে তাঁদের প্রশ্ন, পরামর্শ ও মনস্তাপের কথা সরাসরি শুনবেন প্রধানমন্ত্রী।

ককরোচ আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী একাধিকবার ভিডিও বার্তার মাধ্যমে জেন জি-র উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন। তবে এবারই প্রথম তিনি সশরীরে তরুণ সম্প্রদায়ের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। নিট আন্দোলনের পর থেকেই কেন্দ্রে শাসকদল বিজেপি তরুণদের মধ্যে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন পদে জেন জি-র কাছে গ্রহণযোগ্য মুখদের নিয়ে আসা হচ্ছে।

শুধু প্রধানমন্ত্রী একা নন, কেন্দ্রীয় মন্ত্রীদেরও ডিউটি দেওয়া হয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলার জন্য। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং কর্মসংস্থান তৈরিতে মোদি সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, তা তরুণদের সামনে তুলে ধরাই এর মূল লক্ষ্য। এমনকি মন্ত্রীদের সোশ্যাল মিডিয়া পারফরম্যান্স ও রিচ বাড়ানোর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে মোদির এই আসন্ন উপস্থিতি রাজনীতির আঙিনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

Related Articles