ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় ডেরেক ও ব্রায়েন! তলব অভিষেকের আপ্ত সহায়ককেও
কয়েকদিন আগে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয় থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল
Truth of Bengal: ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড-কাণ্ডে এবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। বুধবার সকাল ১০টা নাগাদ নিজেই গাড়ি চালিয়ে থানায় পৌঁছন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আগে থেকেই প্রশ্নমালা তৈরি করে রেখেছিল পুলিশ। একই মামলায় এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়েরও থানায় হাজিরা দেওয়ার কথা। কয়েকদিন আগে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয় থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযোগ, পুরসভা ও পুলিশের কাজে বাধা দেওয়া হয়, পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সরকারি কাজে বিঘ্ন ঘটানো হয়। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়, ডেরেক ও’ব্রায়েন-সহ একাধিক তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছিল।
এই মামলাতেই মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরদিনই ডেরেক ও’ব্রায়েনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল। প্রথমে গত সোমবার ডেরেককে থানায় হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। তবে নোটিস পাওয়ার পর হাজিরার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়নি বলে জানিয়ে তিনি সেদিন থানায় যাননি। অতিরিক্ত সাত দিন সময়ও চেয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন মঞ্জুর করেনি পুলিশ। সোমবারই নতুন করে নোটিস পাঠিয়ে বুধবার তাঁকে হাজির হতে বলা হয়। সেই নির্দেশ মেনেই সকাল ১০টা ১ মিনিট নাগাদ শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন ডেরেক। পুলিশ সূত্রে খবর, ক্যামাক স্ট্রিটের ঘটনার দিনের ভিডিও ফুটেজ সামনে রেখেই জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার অভিষেককেও ওই ফুটেজ দেখানো হয়েছিল। সেখানে ঘটনাস্থলে তাঁর উপস্থিতি দেখা যায় বলে পুলিশের দাবি।
তদন্তকারীরা জানতে চান, ক্যামাক স্ট্রিটের ওই দপ্তরটি বর্তমানে তৃণমূল কংগ্রেসের ভাড়া নেওয়া না হলেও কেন পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হয়েছিল। পুলিশকর্মীদের উপর হামলার অভিযোগ কেন উঠল, মহিলা পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার বা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তি কী—এই সমস্ত প্রশ্নও করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়াও সরকারি কর্মীদের হুমকি দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে অভিষেক ও অন্যদের বিরুদ্ধে। সেই বিষয়েও বিস্তারিত জানতে চাইছে পুলিশ। এদিন দুপুর ১২টা নাগাদ অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়েরও থানায় হাজিরা দেওয়ার কথা রয়েছে। ফলে ক্যামাক স্ট্রিট কাণ্ডে একের পর এক শীর্ষ তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত আরও গতি পাচ্ছে।


