ভাদ্রেও পিছু ছাড়ছে না নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির পূর্বাভাস
বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাসে পা দিলেও রাজ্যজুড়ে বৃষ্টির দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গেলেও উপকূলের জেলাগুলোতে এর প্রভাব বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম বহাল থাকবে।
অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ মঙ্গলবারেও কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দিনভর আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।






