বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ২৪ ঘণ্টায় নিম্নচাপের আশঙ্কা
এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী বৃষ্টির তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে।
Truth of Bengal: পরপর তিন দিন তীব্র গরম ও চড়া রোদের পর আবারও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি এবং কিছু জেলায় ভারী বৃষ্টির তীব্র সম্ভাবনা দেখা দিয়েছে।
রবিবার কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।





