কলকাতারাজ্যের খবর

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

Truth of Bengal: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার পর্যন্ত বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যেতে পারে। মৌসুমি অক্ষরেখাও বাঁকুড়া ও পুরুলিয়ার উপর দিয়ে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছয় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আপাতত বড় কোনও আবহাওয়াজনিত সতর্কতা নেই।

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতাতেও আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

Related Articles