দিলীপ ঘোষের বুথে বাদ পড়ল ২৩৫ জনের নাম! SIR-এর খসড়া তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্য
তার মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের বুথে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়ার তথ্য সামনে এসেছে।
Truth Of Bengal: নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে আলোচনা। সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। বিভিন্ন জেলায় একাধিক পরিচিত রাজনৈতিক নেতার বুথেও ভোটার তালিকায় বড়সড় পরিবর্তন দেখা গেছে। তার মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের বুথে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়ার তথ্য সামনে এসেছে।
দিলীপ ঘোষ বর্তমানে খড়গপুর শহরের ভোটার। কলকাতা থেকে নাম কাটিয়ে তিনি রেলনগরী খড়গপুরের ২৬৩ নম্বর বুথে নিজের নাম তুলেছিলেন। কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার আওতায় ওই বুথে মোট ২৩৫ জন ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারদের মধ্যে ১৯ জন মৃত, ১১ জন স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত, ৭৬ জনের ক্ষেত্রে ‘নো ম্যাপিং’ সমস্যা রয়েছে এবং ১৯৬ জন ভোটার অনুপস্থিত হিসেবে চিহ্নিত হয়েছেন।
এই তথ্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, রেলকলোনি এলাকা হওয়ায় এখানে চাকরিসূত্রে অস্থায়ী বসবাসকারীর সংখ্যা বেশি। ফলে সময়ের সঙ্গে অনেক ভোটার অন্যত্র চলে যাওয়ায় এই ধরনের কাটছাঁট হওয়া অস্বাভাবিক নয়।
এসআইআর প্রক্রিয়ার আগে দিলীপ ঘোষের ওই বুথে মোট ভোটার ছিলেন ৭৭৯ জন। খসড়া তালিকা প্রকাশের পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৭২ জনে।
অন্যদিকে, জেলার আরও কয়েকজন হেভিওয়েট নেতার বুথে তুলনামূলকভাবে কম সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার ১০ নম্বর বুথে বাদ গিয়েছে ২১ জনের নাম। শালবনীর বিধায়ক ও মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর ৩০৮ নম্বর বুথে ভোটার কমেছে ১৮ জন। মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরার ২১১ নম্বর বুথে ১৩৫ জন ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে ৭১ জন মৃত বলে নথিভুক্ত।
নির্বাচন কমিশনের প্রকাশিত সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, বাদ পড়া ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের মধ্যে নিখোঁজ হিসেবে চিহ্নিত ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, অনুপস্থিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন এবং মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। এছাড়াও, ডুপ্লিকেট ভোটার হিসেবে ১ লক্ষ ৩৮ হাজার জনের নাম বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকায় ‘ভূতুড়ে’ ভোটারের সংখ্যাও উল্লেখ করা হয়েছে, যা ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮।






