জুতো-ঝাঁটা মেরে গ্রামছাড়া করার নিদান, SIR ইস্য়ুতে হুঁশিয়ারি বাঁকুড়ার তৃণমূল নেতার
বুধবার জেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা তৃণমূলের এক সভায় একথা বলেন
Truth Of Bengal: এসআইআর ইস্যুতে প্রথম থেকেই সরব হয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যে তা ঘোষণা হওয়ার পর দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লির বুকে আন্দোলন করা হবে। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করে বসলেন দলের বাঁকুড়া শহর সভাপতি ও বাঁকুড়া জেলা পরিষদের সদস্য শিবাজী বন্দ্যোপাধ্যায়। বুধবার জেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা তৃণমূলের এক সভায় তিনি বিজেপি নেতাদের জুতো-ঝাঁটা মেরে গ্রামছাড়া করার নিদান দিলেন।
আরও পড়ুনঃ সোনার গয়নায় সেজে উঠলেন বুড়িমা! কৃষ্ণনগরের পুজোয় উপচে পড়া ভক্তদের ভিড়
শিবাজী বন্দ্যোপাধ্যায় বলেন, “জীবন দিতে রাজি আমরা, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়বো না বিজেপির মত ধান্দাবাজ দলকে।” এরপরই মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, “বিজেপির যাঁরা এসআইআর করতে যাবেন, তাঁদের গ্রাম থেকে বার করে দেবেন জুতো, ঝাঁটা দিয়ে পিটিয়ে।” পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “ভোটার তালিকা নিয়ে রাস্তায় নেমেছেন বিজেপির সাংসদ, বিধায়করা। মানুষকে বিভ্রান্ত করছেন গ্রামে গ্রামে ঘুরে। গ্রামের মানুষদের তো ক্ষোভ তৈরি হবেই এলাকায় বিশৃঙ্খলা তৈরি করলে। এটা তো নির্বাচন কমিশনের কাজ, বিজেপির নয়। অথচ তাদের নেতারা রাস্তায় নেমে চমকাচ্ছেন, ভুল বোঝাচ্ছেন। স্বাভাবিক এতে মানুষের ক্ষোভ হওয়াটা। প্রতিরোধ গড়ে তুলবেন গ্রামের মানুষ। মানুষ কি ছেড়ে দেবে নাকি বাংলায় অশান্তি করতে গেলে?”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
তবে বিজেপির জেলা সহ-সভাপতি বিকাশ ঘোষ ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “জেলা পরিষদের সদস্য হয়ে উনি কোনও কাজই করেননি। এখন প্রচারের আলোয় আসতে চাইছেন বিজেপির নাম নিয়ে। মানুষকে উস্কানি দিচ্ছেন।” এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি এই এলাকায় তৃণমূলের লোকজন ঢোকেন, দল তৈরি আছে বিজেপিরও। বিজেপির সঙ্গে সাধারণ মানুষও। তাই আগামীদিনে প্রমাণ হয়ে যাবে মানুষ কাকে জুতো, ঝাঁটা দিয়ে মারবে।”






