Tamluk: তমলুকে বেসরকারি নার্সিংহোমে শিশু মৃত্যু! ধুন্ধুমার পরিস্থিতি
সন্ধ্যা নাগাদ শিশুটির শারীরিক পরিস্থিতির আরও অবনতি হতে থাকে, রাত্রি আটটার সময় হঠাৎ শিশুটির মৃত্যু ঘটে!
শান্তনু পান, পুর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে মৃত শিশুটির বয়স ২ মাস। নিউমোনিয়া নিয়ে বৃহস্পতিবার সকালে ভর্তি হয় নার্সিং হোমে। সন্ধ্যা নাগাদ শিশুটির শারীরিক পরিস্থিতির আরও অবনতি হতে থাকে, রাত্রি আটটার সময় হঠাৎ শিশুটির মৃত্যু ঘটে! পরিবারের অভিযোগ নূন্যতম চিকিৎসা দেওয়া হয়নি তাদের শিশুটিকে, আইসিইউ তে না রেখে, অসুস্থ শিশুটিকে রাখা হয়েছিল জেনারেল বেডে।
হঠাৎ শিশুটি ঘামতে শুরু করলে, চিকিৎসকদের বারবার ডাকলেও কোনো ডক্টর বা নার্সিং স্টাফ কে পাওয়া যায়নি। যখন নার্সিং স্টাফ আসে তখন ইতিমধ্যেই শিশুটির মৃত্যু ঘটেছে। মৃত্যুর পরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিং হোমের মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ। হাসপাতালের রিপোর্ট নিয়েও ফের গণ্ডগোল শুরু হয়। শেষমেষ প্রায় ২ ঘণ্টা শেষে পুলিশি মধ্যস্থতায় গণ্ডগোল আয়ত্তে আসে। যদিও ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি মৃত শিশুর পরিবারের তরফে। নার্সিংহোম এর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে পরিবার।






