কলকাতারাজ্যের খবর

শীতের পথে বাধা পুবের হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝা! কী বলছে আবহাওয়া দফতর

সপ্তাহান্তে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

Truth Of Bengal: দক্ষিণবঙ্গে শীতের মাঝে সাময়িকভাবে বাধা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন পুবের বাতাসের প্রভাব বৃদ্ধি পাবে, যার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। এর প্রভাবে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এদিকে উত্তর ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার কারণে ২০ নভেম্বর থেকে উত্তর-পশ্চিম দিক থেকে শীতল বাতাসের প্রবাহ আংশিকভাবে বাধাগ্রস্ত হবে। এর ফলে পারদ পতন সাময়িকভাবে থমকে যেতে পারে। আবহাওয়া দফতর জানায়, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমসহ উত্তরবঙ্গের কয়েকটি পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, সপ্তাহান্তে বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে নভেম্বরের শেষের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ছয়টি জেলায় আকাশ মেঘলা থাকতে পারে এবং জলীয় বাষ্পের মাত্রাও বাড়তে পারে। ফলে চলতি মাসে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য শীত পড়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

কলকাতায় ইতোমধ্যেই তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে।

Related Articles