রাজ্যের খবর

সুবিচারের লড়াই এবার বিধানসভায়! পানিহাটিতে বিজেপি প্রার্থী হচ্ছেন অভয়ার মা

অভয়ার মা স্পষ্ট জানিয়েছেন, মেয়ের খুনের সুবিচার ছিনিয়ে আনতেই তিনি নির্বাচনী ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

Truth of Bengal: আর জি করের সেই নৃশংস ঘটনার বিচার কি তবে এবার ব্যালট বক্সের মাধ্যমে চাইলেন অভয়ার পরিবার? দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে নাম উঠে এল অভয়ার মায়ের। খোদ অভয়ার মা স্পষ্ট জানিয়েছেন, মেয়ের খুনের সুবিচার ছিনিয়ে আনতেই তিনি নির্বাচনী ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই অভয়ার পরিবারের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতৃত্বের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা চলছিল। সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিং তাঁদের বাড়িতে যাওয়ার পর সেই জল্পনা আরও তীব্র হয়। যদিও সেই সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এটি একটি সৌজন্য সাক্ষাৎ এবং রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা তাঁদের নেই। কিন্তু বৃহস্পতিবার সকালের নতুন তথ্য অনুযায়ী, বিজেপির দ্বিতীয় দফার তালিকায় পানিহাটি আসনে অভয়ার মায়ের নাম থাকা এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলের মতে, পানিহাটি এলাকাটি দীর্ঘকাল ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে এই আসনে ঘাসফুল শিবির বিদায়ী কাউন্সিলরের ছেলেকে প্রার্থী করেছে, যাঁর জয় নিয়ে তৃণমূল নেতৃত্ব যথেষ্ট আত্মবিশ্বাসী। এই পরিস্থিতিতে এলাকার জনমানসে আর জি কর কাণ্ড নিয়ে যে তীব্র আবেগ রয়েছে, তাকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি। অভয়ার মাকে প্রার্থী করে তৃণমূলের এই গড় দখল করাই পদ্মশিবিরের মূল লক্ষ্য।

অভয়ার বাবা-মা বরাবরই বলে এসেছেন, তাঁদের একমাত্র লক্ষ্য দোষীদের শাস্তি। তবে এখন প্রশ্ন উঠছে, তবে কি বিচার পাওয়ার লড়াইকে সংসদীয় রাজনীতির আঙিনায় নিয়ে যেতে চাইছেন তাঁরা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বিজেপির একটি অত্যন্ত কৌশলী পদক্ষেপ বা ‘মাস্টারস্ট্রোক’। অভয়ার মা প্রার্থী হলে সেই আবেগ ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়, তার ওপর নির্ভর করছে পানিহাটির ভাগ্য।

Related Articles