রাজ্যের খবর

নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে ভোটের আগেই বৈঠকে পুলিশ সুপার

পুলিশ সুপার জানান, জেলাজুড়ে ইতিমধ্যেই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Truth Of Bengal: বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। রবিবার দুপুরে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করে সেই প্রস্তুতির খুঁটিনাটি তুলে ধরলেন জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।

সাংবাদিকদের সামনে তিনি জানান, নির্বাচন কমিশনের জারি করা ছয়টি নির্দেশিকা মেনে চলার বিষয়ে ইতিমধ্যেই প্রশাসন সক্রিয় হয়েছে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। ভোটের সময় কোনওরকম হিংসা, বুথ দখল, ছাপ্পা ভোট বা ভোটদানে বাধা—এই সবকিছুর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

পুলিশ সুপার জানান, জেলাজুড়ে ইতিমধ্যেই ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর বুথ ও এলাকায় চলছে নিয়মিত টহল। পাশাপাশি বেআইনি অস্ত্র উদ্ধারের অভিযানও জোরদার হয়েছে। এখনও পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২টি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র জমা নেওয়ার প্রক্রিয়াও চলছে জোরকদমে। সব মিলিয়ে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ যে সম্পূর্ণ প্রস্তুত, তা এদিনের সাংবাদিক বৈঠক থেকেই স্পষ্ট।

Related Articles