রাজ্যের খবর

বাবু পাল আর নেই, তবু জ্বলছে আলো! মেয়ে সুস্বেতার হাতে চন্দননগরের ‘ট্যাবু’ ভাঙার লড়াই

আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্য, দুইয়ের মেলবন্ধন! বাবুকন্যার হাতে চন্দননগরের আলোর নজিরবিহীন রূপান্তর

Truth of Bengal: বাবু পাল, চন্দননগরের আলোকশিল্পের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। ২০২৪ সালে তাঁর প্রয়াণে পাল পরিবারের দীর্ঘদিনের শিল্পকর্মে ছেদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু তাঁর রেখে যাওয়া সেই আলোকসজ্জা আজও জ্বলজ্বল করছে। আর সেই আলো নিভতে দিতে নারাজ তাঁর কন্যা, কলেজের ছাত্রী সুস্বেতা পাল। বাবার জুতোয় পা গলিয়ে, মা চিত্রলেখা পালকে সঙ্গে নিয়ে এক কঠিন লড়াইয়ের পথে হাঁটা শুরু করেছেন বাবুকন্যা সুস্বেতা।

সুস্বেতার এই লড়াই শুধু বাবার শিল্পকর্মে বাঁচিয়ে রাখা নয়, চন্দননগরের আলোকশিল্পের ইতিহাসে তিনি ও তাঁর মা-ই প্রথম মহিলা শিল্পী হিসাবে কাজ করছেন। সমাজের জগদ্দল ‘ট্যাবু’ ভেঙে এগিয়ে চলাই এখন তাঁদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। কলেজের পাঠরত অবস্থাতেই সুস্বেতা তাঁর বাবার সঙ্গে অল্পবিস্তর কাজ করতেন। সেই সামান্য অভিজ্ঞতা ও ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েই বাবার ওয়ার্কশপের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। বাবু পাল টুনি ও এলইডি আলো নিয়ে আজীবন কাজ করেছেন। সময়ের দাবি মেনে এখন সুস্বেতাও আলোকসজ্জার প্রযুক্তিতে বদল এনেছেন। টুনি লাইটের জায়গায় এখন আধুনিক প্রযুক্তির ১২ ভোল্টের ডিসি ল্যাম্প ব্যবহার করা হচ্ছে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যকে পাথেয় করেই তাঁরা এগিয়ে চলেছেন।

বর্তমানে সুস্বেতার তত্ত্বাবধানে তাঁদের ওয়ার্কশপে প্রায় ১০ জন অভিজ্ঞ কর্মী কাজ করছেন। এবারের জগদ্ধাত্রী পুজোয় দিল্লি ও ডায়মন্ড হারবার-সহ একাধিক স্থানে তাঁদের তৈরি আলোকসজ্জা পৌঁছে গিয়েছে। পাশাপাশি, হিন্দুস্তান ক্লাবের পাশাপাশি চন্দননগরের বাগবাজার বারোয়ারির পুজোতেও দেখা যাবে তাঁদের শিল্পকর্ম।

সুস্বেতা পাল জানিয়েছেন, “বাবা যতদিন ছিলেন, যেভাবে এই কাজ পরিচালিত হয়েছে, সেই ঐতিহ্য বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। এ বছর পৌরাণিক বিষয়বস্তুকে কেন্দ্রে রেখে আলোকসজ্জা তৈরি করা হচ্ছে। বাবার সঙ্গে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ কর্মীরাও আমাদের পাশে রয়েছেন। কোনও বিষয়ে সমস্যা হলে তাঁরাই প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সাহায্য করছেন।”

সুস্বেতার কাঁধে শুধু নিজের পরিবারের নয়, আরও ১০ সহকর্মী ও তাঁদের পরিবারেরও দায়িত্ব রয়েছে. এই কঠিন সময়ে চন্দননগরের আলোকশিল্পে এক অভিজ্ঞ নেতৃত্বের অধ্যায়ের অবসান ঘটলেও, সুস্বেতা পাল ও তাঁর মায়ের এই নতুন পথ চলা এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করবে বলেই অনেকে মনে করছেন। বাবু পালের আলো যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে তাঁর বাবুকন্যার হাতের জাদুতে।

Related Articles