পৈলানের প্রাসাদে গুপ্ত গুহা! তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাগানবাড়িতে হানা পুলিশ-র্যাফের
“১৫ বছর অনেক সংযম দেখিয়েছি!”, ভিডিওতে হুমকির মাসুল গুনছেন বিধায়ক? বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের দাপুটে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাগানবাড়িতে বৃহস্পতিবার সকালে হানা দিয়ে কার্যত থমকে গেল পুলিশ ও র্যাফ। বিধায়কের বিলাসবহুল জীবনযাপনের ছবি তো সামনে এলই, তার সঙ্গে বাড়ির ভেতরে একটি রহস্যময় ‘গুহা’র হদিশ মেলায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
হুমকি ভিডিওর জেরেই কোপ
ভোটের ফল প্রকাশের পর সমাজমাধ্যমে দিলীপ মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” বিজেপি কর্মীদের প্রকাশ্য এই হুমকির ভিডিও সামনে আসতেই তাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় একাধিক এফআইআর দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন বিশাল পুলিশ বাহিনী পৈলানের বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছয়।
বিলাসবহুল প্রাসাদ ও রহস্যময় গুহা
বাড়ির ভেতরে ঢুকে পুলিশ কর্মীরা কার্যত তাজ্জব হয়ে যান। প্রাসাদের মতো সেই বাড়িতে দামী দামী বিদেশি গাড়ি, বিশাল সুইমিং পুল, দোলনা থেকে শুরু করে দুর্মূল্য কাঠের আসবাবপত্রে ঠাসা। কিন্তু সবচেয়ে বড় চমক ছিল বাড়ির ভেতরে তৈরি করা একটি গুপ্ত গুহা। ঠিক কী কারণে এই গুহা তৈরি করা হয়েছিল এবং এর ভেতরে কোনও অবৈধ সামগ্রী লুকানো রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এর আগে শিবপুরের তৃণমূল নেতা মহম্মদ শামিমের বাড়িতেও সুড়ঙ্গের হদিশ পেয়েছিল পুলিশ।
পলাতক বিধায়ক
তল্লাশি চললেও এদিন বাড়িতে দিলীপ মণ্ডলের দেখা মেলনি। পুলিশ সূত্রে খবর, বিধায়ক গা ঢাকা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
শুভেন্দু সরকারের জমানায় ‘পাবলিক সার্ভেন্ট’দের এমন বিলাসবহুল জীবন এবং বাড়ির ভেতর গুপ্ত গুহার হদিশ মেলায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






