বিরোধী জোটের হাতে পঞ্চায়েত, এখনও হয়নি উপসমিতি গঠন, থমকে উন্নয়নের কাজ
Panchayat sub-committees have not yet been formed in the hands of the opposition alliance

The Truth of Bengal: দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন। শাসক দল তৃণমূলকে হটিয়ে বিজেপি, আইএসএফ, কংগ্রেস ও সিপিএম জোট দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েত গঠন করেছিল। কিন্তু সেখানে এখনও গঠন হয়নি উপসমিতি। শাসক ও বিরোধী গণ্ডগোলে ভেস্তে গিয়েছিল উপ সমিতি। পঞ্চায়েতে উপসমিতি গঠন না হওয়ায় থমকে উন্নয়নের কাজ। দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৪ হাজার মানুষ বঞ্চিত হচ্ছে সরকারি উন্নয়নমূলক সুযোগ সুবিধা থেকে। অভিযোগ ছিল বর্তমানের জোট পঞ্চায়েত উপ সমিতি গঠনের দিনে প্রশাসনিক আধিকারিকদের তালাবন্ধ করে আটকে রেখেছিল।
ফলে হয়নি উপ সমিতি গঠন। তারপর থেকে আটকে আছে উপসমিতি গঠন। তার জেরে এই পঞ্চায়েতের মানুষ বঞ্চিত হচ্ছে বিভিন্ন পরিষেবা পাওয়া থেকে। যা নিয়ে ক্ষোভ ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সব দল মিলে জোট করে পঞ্চায়েত দখল করলেও আজও উপ সমিতি গঠন করতে পারেনি। তাই রাজ সরকারের উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। ফলে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে দাবি রাজ্যের শাসক দলের। সব পঞ্চায়েতের মতো এখানেও উপ সমিতি গঠনের তারিখ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে।
কিন্তু অশান্তির জন্য তা হয়নি। ব্লক প্রশাসন চাইছে অবিলম্বে উপ সমিতি গঠন করতে, যাতে উন্নয়নের ধারা বজায় থাকে। প্রশাসন ও শাসক দলের প্রতিনিধিরা বলছেন আইনের জটিলতায় আটকে আছে উপ-সমিতি গঠন। ক্ষমতায় থাকা জোট অবশ্য তা মানতে নারাজ। তাদের হেয় করার জন্য উপ সমিতি গঠন হচ্ছে না। উপ সমিতি গঠন না হওয়ায় বন্ধ হয়ে আছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ। মানুষ চাইছে সব বিতর্ক মিটিয়ে বজায় থাক উন্নয়নের কাজ।






