সাসপেন্ড শঙ্কর ঘোষ, পড়ে গিয়ে চোট! ভিডিয়ো পোস্ট বিরোধী দলনেতার
সেই ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী।
Truth Of Bengal: বিধানসভার বিশেষ অধিবেশনে তুমুল অশান্তি (Assembly Chaos)। অশান্তির জেরে বৃহস্পতিবারের অধিবেশনে সাসপেন্ড হয়েছেন পাঁচ বিজেপি বিধায়ক। তালিকায় রয়েছেন শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষকে বাইরে বের করে দেওয়ার সময় পড়ে যান তিনি। দাবি, পড়ে গিয়ে তিনি আহত হয়েছেন। সেই ভিডিয়ো পোস্ট করেছেন রাজ্যের বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিনের ঘটনার পর শঙ্কর ঘোষের পড়ে যাওয়া ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় গনতন্ত্রকে হত্যা করল, গনতন্ত্র হত্যাকারী মমতা ও তাঁর প্রশাসন”
আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় গনতন্ত্র কে হত্যা করলো গনতন্ত্র হত্যাকারী মমতা ও তার দলদাস প্রশাসন… pic.twitter.com/X7XGw2WK2s
— Suvendu Adhikari (@SuvenduWB) September 4, 2025
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিবেশন কক্ষে ঢোকার আগেই বিজেপি বিধায়কদের স্লোগান শোনা যায়। শুভেন্দু অধিকারীর সাসপেনশন নিয়েই প্রধানত প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী আসার পর বিরোধিতা আরও তীব্র হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, যারা স্লোগান দিতে চাইছেন, তাঁরা বাইরে গিয়েই তা করতে পারেন (Assembly Chaos)। তিনি মার্শালদের নির্দেশ দেন অশান্তি রোধ করতে। সেই সময় বিজেপি বিধায়কদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
[আরও পড়ুন: Murshidabad: মানসিক চাপে আত্মহত্যা প্রধান শিক্ষকের, গ্রেফতার আইনাল হক]
এই অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শান্তি বজায় রাখা দু’পক্ষের দায়িত্ব। কাগজ ছোড়া বা বিশৃঙ্খলা তৈরি করা অনুচিত। বাংলার মানুষ তা পছন্দ করবেন না।’’ তাঁর বক্তব্যের সময়ও স্লোগান চলতে থাকে। পরে তৃণমূল এবং বিজেপি বিধায়কদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীকে নিজে ওয়েলে নেমে আসতে হয়। বিশৃঙ্খলার কারণে অগ্নিমিত্রা পালকেও অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়।






