বিজেপি রাজ্য সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ! দাসনগরে তুমুল উত্তেজনা
Truth Of Bengal: হাওড়ার দাসনগরে তীব্র উত্তেজনা। বৃহস্পতিবার বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এই ঘটনায় রাজনীতির রং-ও চড়ছে। কিন্তু কেন এই বিক্ষোভ?
জানা গিয়েছে, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির নেতৃত্বেই এই বিক্ষোভ সংগঠিত হয়েছে। এদিন তৃণমূলের পতাকা হাতে বহু মানুষ শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে ধরে। একের পর এক স্লোগান শোনা যায়, গো ব্যক স্লোগালও ওঠে। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাপ।
বিজেপি রাজ্য সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ! দাসনগরে তুমুল উত্তেজনা pic.twitter.com/eR8MLBueUv
— TOB DIGITAL (@DigitalTob) September 11, 2025
হাওড়ার দাসনগরে আরতি কটন মিল মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। অবিলম্বে মিলের উৎপাদন চালু করার দাবিতে এবং শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে আরতি কটন মিলের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন মনোজ তিওয়ারি, মহেন্দ্র শর্মার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেই সময় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়েন শমীক বাবু।
তৃণমূল কংগ্রেস কর্মীদের ব্যাপক বাধায় তিনি গাড়িতেই দীর্ঘক্ষণ বসে থাকেন। পরে দাসনগর থানার পুলিশ এসে তাঁকে ফুটবল টুর্নামেন্ট মাঠে নিয়ে যায়। সেই সময় ব্যাপক ধস্তাধস্তি হয়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শমীক বাবু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। মন্ত্রী মনোজ তিওয়ারি বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে। শ্রমিকদের বকেয়া টাকা আটকে রেখেছে। আমরা এর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছি।






