রাজ্যের খবর

ভোট মিটতেই অশান্ত ময়না! তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত একাধিক

ময়নায় রক্তক্ষয়ী সংঘর্ষ! রডের ঘায়ে মাথা ফাটল কর্মীদের

রঞ্জন মাইতি, তমলুক: পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে ভোট-পরবর্তী হিংসা থামার লক্ষণ নেই। গতকাল রাতের উত্তেজনার পর আজ, শুক্রবার সকালে ফের রণক্ষেত্রের চেহারা নিল বাকচার সাইথিয়া পুল এলাকা। তৃণমূল ও বিজেপি, উভয় পক্ষের সংঘর্ষে ঝরল রক্ত, আহত হলেন একাধিক কর্মী-সমর্থক। এমনকি মহিলাদের শ্লীলতাহানি ও মারধরের মতো গুরুতর অভিযোগও উঠেছে এই ঘটনায়।

তৃণমূল শিবিরের অভিযোগ, গতকাল রাতে তাদের কর্মীদের বাড়িঘর ভাঙচুর করে একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকালে প্রায় ২৫০-৩০০ জন বিজেপি কর্মী সংগঠিতভাবে তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়। লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি বাড়ির মহিলাদের ওপর শ্লীলতাহানি চালানো হয় এবং তাঁদের পোশাক ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই হামলায় ৪ জন তৃণমূল কর্মী গুরুতর জখম হয়ে ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

অন্যদিকে, পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তাদের কর্মীরা এলাকায় বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় স্থানীয় এক তৃণমূল নেতা, তাঁর স্ত্রী এবং একদল কর্মী অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। রডের আঘাতে ৩ জন বিজেপি কর্মী জখম হয়েছেন, যাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তমলুক মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী (CAPF) ও ময়না থানার বিশাল পুলিশ বাহিনী।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির জেলা সম্পাদক মধুসূদন প্রামাণিক বলেন, “বাংলার পাশাপাশি ময়নাতেও তৃণমূল হারছে বুঝতে পেরেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।” পাল্টা জবাবে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিতকুমার রায় বলেন, “গত পাঁচ বছর ময়নার বিজেপি বিধায়ক কোনও কাজ করেননি। ময়নায় মানুষ এবার পরিবর্তন চাইছে। হার নিশ্চিত জেনেই বিজেপির হার্মাদরা এই হামলা চালাচ্ছে।”

Related Articles