শতাংশের গোলকধাঁধায় ভুল বোঝাচ্ছে বিজেপি! একুশের তুলনায় ভোট কমেছে কত? ফাঁস তৃণমূলের
ভোটের পরিসংখ্যানে ‘বিজেপি-র জালিয়াতি’ ফাঁস করলেন ডেরেক
Truth of Bengal: প্রথম দফার রেকর্ড ভোট নিয়ে যখন বিজেপি ‘পরিবর্তন’-এর ডাক দিচ্ছে, ঠিক তখনই পরিসংখ্যানের খতিয়ান পেশ করে আসরে নামল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন, বিজেপি শতাংশের যে হিসাব দেখাচ্ছে তা আসলে একটি ‘ভুয়ো ন্যারেটিভ’। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শতাংশের হারে বৃদ্ধি দেখা গেলেও ২০২১ সালের তুলনায় এবার প্রথম দফায় মোট ভোটদানের সংখ্যা আসলে কমেছে।
ডেরেক ও’ব্রায়েন এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ বার্তায় জানিয়েছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ১৫২টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৩.৬৭ কোটি। সেবার ৮৪ শতাংশ হারে ভোট পড়েছিল ৩.১০ কোটি। এবার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR)-এর কারণে ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩.৩৩ কোটিতে। কমিশনের দেওয়া ৯২.৭০ শতাংশের হিসাব ধরলে মোট ভোটের সংখ্যা দাঁড়ায় ৩.০৯ কোটি। অর্থাৎ, ২০২১ সালের তুলনায় এবার প্রায় ৮৩,৬৭৪টি ভোট কম পড়েছে।
এই তথ্য সামনে রেখেই অমিত শাহকে সরাসরি নিশানা করেছেন ডেরেক। তিনি লিখেছেন, “অমিত, আপনাকে এক্সপোজ করা খুব সহজ।” ডেরেকের দাবি, বিজেপি শতাংশের মারপ্যাঁচে আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। রাজ্যে কোনও ‘সুনামি’ ওঠেনি, বরং ভোটপ্রক্রিয়া তার স্বাভাবিক ছন্দেই রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। মোদিকে উদ্দেশ্য করে ডেরেক বলেন, “আপনি ঘোষণা করেছিলেন ২৯৪টি আসনেই আপনি প্রার্থী। বড় কথা বলা বন্ধ করুন।”
Amit,
It’s so easy to EXPOSE you. And your attempt to create fake narratives.
Here is hard data to bust BJP propaganda on Phase 1: total votes cast in 2026 have decreased compared to 2021👉 First, let us look at data from 2021 elections:
* Total electors: 3.67 crores
*…— Derek O’Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) April 24, 2026
তৃণমূল সাংসদের এই পাল্টা পরিসংখ্যান ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। ৪ মে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলই বাংলা জিতবে বলে দাবি করে ডেরেক প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাঁর কথায়, “ফলাফলের পর চ্যালেঞ্জ গ্রহণ করুন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন।” প্রথম দফার ভোট শেষ হতেই যেভাবে দুই পক্ষ ডায়েরি আর ক্যালকুলেটর নিয়ে ময়দানে নেমেছে, তাতে স্পষ্ট যে ২৯ এপ্রিলের শেষ দফার লড়াই আরও হাড্ডাহাড্ডি হতে চলেছে।





