রাতভর বৃষ্টিতে ফের ভাসল দুধিয়া সেতু, আংশিক বিচ্ছিন্ন মিরিক
গত জুলাইয়েও টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে দুধিয়ার অস্থায়ী সেতু ভেসে গিয়েছিল।
Truth of Bengal: রাতভর টানা বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গ। বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় কয়েক মাসের ব্যবধানে আবার ভেসে গেল দুধিয়ার অস্থায়ী হিউমপাইপ সেতু। এর ফলে শিলিগুড়ি-মিরিক সড়কপথে যোগাযোগ আংশিকভাবে ব্যাহত হয়েছে। আপাতত বেইলি ব্রিজ দিয়ে ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ির যাতায়াত বন্ধ রাখা হয়েছে।
গত জুলাইয়েও টানা বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে দুধিয়ার অস্থায়ী সেতু ভেসে গিয়েছিল। তখন শিলিগুড়ি-মিরিক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে দ্রুত সেতু মেরামতির পাশাপাশি সেনার উদ্যোগে বেইলি ব্রিজ তৈরি করা হয়েছিল। দেড় মাসের মধ্যেই ফের একই পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে।
বৃহস্পতিবার বিকেল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। তার জেরে বালাসনের জলস্তর দ্রুত বাড়তে থাকে এবং এক পর্যায়ে অস্থায়ী হিউমপাইপ সেতুটি ফের ভেসে যায়। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং একটি সক্রিয় অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার কালিম্পং ও জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।



