মালদার দশমাথা কালীপুজোর রাজকীয় শোভাযাত্রা: ঐতিহ্যের এই পুজোয় কী বিশেষ আয়োজন?
Truth Of Bengal: রাত পোহালেই কালীপুজোর উৎসব শুরু হবে গোটা বাংলা জুড়ে। বিভিন্ন জায়গায় চলছে প্রস্তুতি। পাশাপাশি রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী কালিপুজোর স্থান। তেমনই একটা স্থান মালদা। এখানে ১০মাথা কালীর আরাধনা করা হয়। মহাকালীর প্রতিমাকে নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ পণ্ডহারপুর মন্দিরে উপহারে ‘চিকেন মসালা’—ভক্তদের ক্ষোভের জোয়ার
ইংরেজবাজার ব্যায়াম সমিতির পরিচালনায় পুরাতন মালদার কাদিরপুর এলাকায় রবিবার এই আয়োজন করা হয়। মৃৎশিল্পীর কারখানা থেকে মন্দির পর্যন্ত একটি বিশাল সুসজ্জিত শোভাযাত্রার আয়োজন করা হয়। এই পুজোর রয়েছে বিশেষ নিয়মবিধি। অমাবস্যা নয় বরং ভূত চতুর্দশীতে দিনের আলোয় পুজো করা হয় মহাকালীর। প্রতিমার বিশেষত্ব হল মাথা, হাত এবং পা সবগুলিই দশটি করে রয়েছে। এমনকি এই প্রতিমায় সঙ্গে নেই শিবও।
মালদার দশমাথা কালীপুজোর রাজকীয় শোভাযাত্রা pic.twitter.com/qjo3Xmbxq6
— TOB DIGITAL (@DigitalTob) October 19, 2025
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এদিন ক্লাব সদস্যরা জানান, পরাধীন ভারতে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তি সঞ্চয়ে স্বাধীনতা সংগ্রামীরা শুরু করেছিলেন মহাকালী পুজো। মালদা শহরের গঙ্গাবাগ এলাকায় পঞ্চমুন্ডির আসরে তান্ত্রিক মতে পুজো করা হয় মহাকালীর। পাঠা বলির প্রথা রয়েছে মায়ের পুজোয়।
ক্লাবের মূল আকর্ষণ প্রতিমা আনয়ন। বিশাল শোভাযাত্রা করে এবছর পুরাতন মালদার কাদিরপুর এলাকা থেকে ১০ মাথা প্রতিমা নিয়ে যাওয়া হয় মন্দিরে। দক্ষিণ ভারত, উড়িষ্যা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্য শিল্পীরা যোগ দেন শোভাযাত্রায়। সম্প্রীতির বার্তা দিতে হিন্দু-মুসলিম সহ বিভিন্ন ধর্মের মানুষেরাও অংশ নেন শোভাযাত্রায়। ঢাক, কাঁসর, নাগরাই, মৃদঙ্গ সহ বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন শোভাযাত্রায়। বহু মানুষ রাস্তার দুই ধারে ভিড় জমিয়ে শোভাযাত্রা ও প্রতিমা দর্শন করেন।






