খেলা

কালীপুজোর পরই নতুন স্পনসর আসতে পারে মহমেডানে

এমনকি স্পনসর না থাকায় গত মরসুমের বেশ কিছু বিদেশি খেলোয়াড়দের পেমেন্ট আটকে থাকারু দরুণ, ফিফার শাস্তির মুখেও পড়তে হয়েছে সাদা-কালো শিবিরকে।

Truth Of Bengal: দীর্ঘ বেশ কয়েকটা মাস স্পনসর সমস্যা নিয়ে জলঘোলা চলছিল মহমেডান স্পোর্টিংয়ের। পূর্বতন দুই স্পনসর বাঙ্কারহিল ও শ্রাচী গ্রুপের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার ফলে এতদিন শতাব্দী প্রাচীন ক্লাবটিতে কোনও স্পনসরই ছিল না। তাই নিয়ে একটি জটিল অবস্থার মুখোমুখি দাঁড়িয়েছিলেন সাদা-কালো শিবিরের কর্তারা।

এমনকি স্পনসর না থাকায় গত মরসুমের বেশ কিছু বিদেশি খেলোয়াড়দের পেমেন্ট আটকে থাকারু দরুণ, ফিফার শাস্তির মুখেও পড়তে হয়েছে সাদা-কালো শিবিরকে। ফলে সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলেন মহমেডান কর্তারা। তা সত্ত্বেও নিজেদের সাধ্যমত দল গড়ে কলকাতা লিগে অংশগ্রহণ করে সাদা-কালো ব্রিগেড। পাশাপাশি সুপার কাপেও দল খেলবে জানিয়ে দিয়েছেন কর্তারা।

তবে নতুন স্পনসর আনার ব্যাপারে উঠেপড়ে নেমেছিলেন মহমেডান কর্তারা। বার বার যোগাযোগ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গেও। তারপরই সম্প্রতি উত্তরবঙ্গ সফর থেকে ফিরে মহমেডান কর্তা আমিরুদ্দিন ববিকে ফোন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে আমিরুদ্দিন ববির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত শনিবার মুখ্যমন্ত্রী আমাদের ফোন করেছিলেন। এবং যেহেতু সামনে কালী পুজো রয়েছে তাই দীপাবলী মিটে গেলেই ক্লাবে নতুন স্পনসরের ব্যাপারে মুখ্যমন্ত্রী ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। এমনকি তিনি এই ব্যাপারে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকেও গোটা বিষয়টি দেখার জন্য বলেন। আমরা আশাবাদী, কালীপুজো মিটলেই আমাদের নতুন স্পনসরের ব্যবস্থা হবে।’