Narendrapur: জলাভূমি ভরাটের প্রতিবাদ করায় গুলি করে মারার হুমকি, নরেন্দ্রপুরে চাঞ্চল্য
স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে প্রায় ১৪ বিঘা জমি দীর্ঘদিন ধরেই ডোবা নামেই রেকর্ডভুক্ত। সেই জলাভূমি ভরাট করে দখল নিতে চাইছে জমি দখলচক্র।
লোকেশ হালদার, দক্ষিণ ২৪পরগনা: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে জলাভূমি ভরাটের বিরোধিতা করতে গিয়ে হুমকির মুখে পড়লেন স্থানীয় পৌর নাগরিকরা। অভিযোগ, শাসকদলের মদতে সক্রিয় আব্বাস ও আলামিন নামে দুই জমি মাফিয়া প্রকাশ্যেই প্রতিবাদীদের গুলি করে মারার হুমকি দিয়েছে। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে রাজপুর-সোনারপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া উজ্জয়িনী মোড় এলাকায় (Narendrapur)।
স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে প্রায় ১৪ বিঘা জমি দীর্ঘদিন ধরেই ডোবা নামেই রেকর্ডভুক্ত। সেই জলাভূমি ভরাট করে দখল নিতে চাইছে জমি দখলচক্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জলাভূমি রক্ষার বার্তা দিলেও প্রশাসনের নীরবতায় দাপট বেড়েছে দখলদারদের। এলাকাবাসীর দাবি, পরিবেশ ও বাস্তুতন্ত্র বাঁচাতেই তাঁরা প্রবীণদের নেতৃত্বে জলাভূমি রক্ষার আন্দোলন শুরু করেছেন।
আরও পড়ুনঃ R G KAR মামলায় বড় পদক্ষেপ বিচারপতি তীর্থঙ্করের, কী বললেন তিনি?
প্রথমে অভিযোগ জানানো হয়েছিল স্থানীয় পৌরমাতা দিপালী নস্করকে। এরপর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস এবং নরেন্দ্রপুর থানার পুলিশকেও লিখিতভাবে আবেদন করা হয় জলাভূমি ভরাট বন্ধ করার জন্য। কিন্তু প্রশাসন বা জনপ্রতিনিধিদের তরফে কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায় (Narendrapur)।
বুধবার রাতে পরিস্থিতি উত্তপ্ত আকার নেয়। অভিযোগ, রাতের অন্ধকারে ডাম্পার ও জেসিবি নিয়ে এসে জমি ভরাটের চেষ্টা চালায় আব্বাস ও আলামিনের লোকজন। তবে প্রতিবাদে রাস্তায় নেমে পড়েন স্থানীয় প্রবীণ নাগরিকরা। প্রতিরোধ দেখে ফেরত যায় দখলদাররা। কিন্তু গভীর রাতে ফের দুই শ্রমিক এসে ডাম্পার থেকে ফেলে যাওয়া মাটি সমান করতে গেলে বাসিন্দারা তাঁদের আটক করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে দুই শ্রমিককে থানায় নিয়ে যায়।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এই ঘটনার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, জমি মাফিয়া আব্বাস প্রকাশ্যেই গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জলাভূমি রক্ষা এবং স্থানীয় বিধায়ক ফিরদৌসী বেগম ও পৌরপ্রধানের হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষুব্ধ নাগরিকরা। পাশাপাশি জমি দখলচক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আর্জি জানিয়েছেন তাঁরা (Narendrapur)।






