কলকাতারাজ্যের খবর

এক ধাক্কায় ২ ডিগ্রি বাড়ল কলকাতার পারদ, উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট অব্যাহত

তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ মোটেও কমেনি, বরং উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে বজায় রয়েছে শীতের দাপট।

Truth Of Bengal: গত দু’দিনের হাড়কাঁপানো ঠান্ডার পর রবিবার কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারের তুলনায় এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস চড়েছে শহরের পারদ। তবে তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ মোটেও কমেনি, বরং উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে বজায় রয়েছে শীতের দাপট। সঙ্গে দোসর হয়েছে ভোরের ঘন কুয়াশা।

পরপর দু’দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে থাকলেও রবিবার তা খানিকটা বেড়েছে। এ দিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। উল্লেখ্য, শনিবার কলকাতার তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল চলতি মরসুমের শীতলতম দিন। এ দিন সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম (২২.৯ ডিগ্রি সেলসিয়াস)।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে আগামী ৩-৪ দিন হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এ দিন দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম ছিল বাঁকুড়া (৯.৩ ডিগ্রি)। এছাড়া শ্রীনিকেতনে ১০ ডিগ্রি ও দমদমে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। মালদহ, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দার্জিলিং ও কোচবিহারের মতো জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কয়েক দিন আগে কোচবিহারে দৃশ্যমানতা শূন্যতে নেমে আসায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছিল।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন না হলেও, তার পর আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। ফলে কনকনে ঠান্ডা ও কুয়াশার দাপট আপাতত চলবে উত্তরের জেলাগুলিতে।

Related Articles