রাজ্যের খবর

ভোটের মাঝেই কড়া কোপ! জগদ্দলের এসিপি বিশ্বজিৎ পাত্রকে সরাল কমিশন

কর্তব্যে গাফিলতি বরদাস্ত নয়! জওয়ানের ওপর হামলা আর বিক্ষিপ্ত হিংসায় বিপাকে পুলিশ

Truth of Bengal: ২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলাকালীনই বড়সড় ‘অ্যাকশন’ নিল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনার জগদ্দলে দফায় দফায় অশান্তি ও বোমাবাজির ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) বিশ্বজিৎ পাত্রকে সাসপেন্ড করল কমিশন। বুধবার দুপুরের এই নজিরবিহীন সিদ্ধান্তে বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ভোটের আগে থেকেই জগদ্দল ও ভাটপাড়া এলাকা ছিল উত্তপ্ত। বিজেপি-তৃণমূল সংঘাতের পাশাপাশি বোমাবাজির ঘটনায় এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও গুরুতর জখম হন। সেই সময় কমিশন কড়া নির্দেশ দিয়েছিল যে, নির্বাচনের আগে সমস্ত অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। কিন্তু বুধবার ভোটের দিন সকাল থেকেও জগদ্দলের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত অশান্তি ও বোমাবাজির খবর আসতে শুরু করে। কমিশনের মনে হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। সেই কারণেই তৎক্ষণাৎ বিশ্বজিৎ পাত্রকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় এবার রেকর্ড সংখ্যক ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। জগদ্দল, ভাটপাড়া ও নোয়াপাড়ার জন্য বিশেষ ‘স্পেশাল ফোর্স’ পাঠিয়েছিল কমিশন। এত বিশাল নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অশান্তি না কমায় সরাসরি আইপিএস স্তরের অফিসারের ওপর কোপ পড়ল। কমিশনের এই কড়া পদক্ষেপের পর জগদ্দলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এখন প্রশ্ন উঠছে, পুলিশের শীর্ষস্তরে এই রদবদল কি শেষ পর্যন্ত জগদ্দলের বারুদ-রাজনীতিতে ইতি টানতে পারবে?

Related Articles