বাসন্তীতে আক্রান্ত বিজেপি প্রার্থী, FIR দায়েরের নির্দেশ কমিশনের
বিজেপি প্রার্থী বিকাশ সর্দারকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান ও বেধড়ক মারধরের অভিযোগ।
Truth of Bengal: ২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। বুধবার ভোট চলাকালীন খোদ বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ওপর হামলার অভিযোগ উঠল। অভিযোগের তির সরাসরি শাসকদল তৃণমূলের দিকে। শুধু প্রার্থীকে মারধরই নয়, তাঁর গাড়ির কাঁচ ভাঙচুর এবং নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার মতো গুরুতর অভিযোগে রণক্ষেত্রের চেহারা নিল বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকা। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশন এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দিয়েছে।
বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের দাবি, এদিন সকালে তিনি ৭৬ নম্বর বুথ পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে পৌঁছাতেই একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রার্থীকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি শুরু হয়। তাঁকে বাঁচাতে নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলে তাঁদের ওপরও চড়াও হয় উন্মত্ত জনতা। বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীর বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। শেষপর্যন্ত প্রাণ বাঁচাতে কোনওরকমে গাড়িতে উঠে এলাকা ছাড়েন বিকাশবাবু। সেই সময় লাঠি-পাথর দিয়ে তাঁর গাড়ির কাঁচ গুঁড়িয়ে দেওয়া হয়।
বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। উল্টে জওয়ানরা তাঁকে বুথের ভেতর চিৎকার করতে বারণ করেন বলে দাবি তাঁর। তৃণমূল অবশ্য এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। শাসকদলের পাল্টা দাবি, পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি প্রার্থী নাটক করে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন। আপাতত বাসন্তীর ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও আধা-সেনা মোতায়েন করা হয়েছে। কমিশনের নির্দেশে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।






