রাজ্যের খবর

বাংলায় ‘বাবরি মসজিদ’ তৈরি করতে চান হুমায়ুন কবীর! বললেন পরিকল্পনার কথা

Humayun Kabir wants to build a Bengali 'Babri Masjid'! He talks about the plan

Truth Of Bengal: বাংলার মাটিতে ঐতিহাসিক বাবরি মসজিদ পুনর্নির্মাণের পরিকল্পনা করছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে একটি মসজিদ ট্রাস্ট গঠন করে, আগামী কয়েক বছরের মধ্যেই মুর্শিদাবাদ জেলায় মসজিদটি নির্মাণ করতে চান তিনি।

হুমায়ুন কবীর জানিয়েছেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনও দেশের সংখ্যালঘু মুসলিমদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলেও মসজিদ পুনর্নির্মাণের কোনও উদ্যোগ আজও নেওয়া হয়নি। এই প্রেক্ষিতেই তিনি বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরির জন্য উদ্যোগ নিতে চান।

হুমায়ুন কবীর আরও বলেন, “অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশে মুসলিমদের সংখ্যা ১৮-১৯ শতাংশ ছিল। বর্তমানে বাংলায় ৩৫ শতাংশ মুসলিম বসবাস করেন, আর মুর্শিদাবাদ জেলায় এই সংখ্যা প্রায় ৭০ শতাংশ। দেশের সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত জেলা হওয়ায় এখানে বাবরি মসজিদ হওয়া উচিত।”

তৃণমূল বিধায়ক জানিয়েছেন, রেজিনগর বা বেলডাঙার কোনও এক জায়গায় ২ একর বা ৬ বিঘা জমি কিনে মসজিদটি নির্মাণ করা হবে। প্রথমে মুর্শিদাবাদের বিভিন্ন মাদ্রাসা পরিচালকদের একত্রিত করে একটি মসজিদ ট্রাস্ট গঠন করা হবে। এই ট্রাস্টে ২০০ বা তার বেশি সদস্য অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও বলেন, ২০২৫ সালের ৬ ডিসেম্বরের মধ্যেই ট্রাস্ট গঠনের কাজ সম্পন্ন হবে। মসজিদ নির্মাণে যত সময়ই লাগুক, তিনি এটি সম্পন্ন করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

এই উদ্যোগ ইতিমধ্যেই মুর্শিদাবাদের বাসিন্দাদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে মতভেদ প্রকাশ করেছেন। তবুও, হুমায়ুন কবীর নিজের লক্ষ্য পূরণে অটল।

 

Related Articles