পুজোর আগেই শেষ হয়েছিল শুনানি, আজ নিয়োগ দুর্নীতি মামলার রায়দান হাইকোর্টে
Hearing ended before Puja, High Court to deliver verdict in recruitment corruption case today

Truth Of Bengal: দুর্গাপুজোর আগেই শেষ হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির সেই মামলায় আজ রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় ঘোষণা করবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের মতোই এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’কাণ্ডে ধৃত আরও ৮জনেরও জামিন মামলারও রায় ঘোষণা হবে একই সঙ্গে।এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও এখনই জেলমুক্ত হবে না বলেও আইনজীবীরা মনে করছে।
উল্লেখ্য, ২০২২সালের ২৩জুলাই নাকতলার বাড়ি থেকে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি। বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন।ইডির পর সিবিআইও একই অভিযোগ আনে। ফলে সিবিআইয়ের মামলাও বিচারাধীন রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও শিক্ষা দফতরের চার জনকে গ্রেফতার করে সিবিআই। সেই তালিকায় রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা।
পাশাপাশি, টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কাজে এজেন্ট বা মিডলম্যান হিসাবে কাজ করেছিলেন ৪ জন। জামিন মামলায় রায়ের অপেক্ষায় এই ৪জনও। বুধবার দুপুর ১টায় নিয়োগ দুর্নীতি নিয়ে জামিন মামলায় রায় দেবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে হাই কোর্ট যদি সিবিআই মামলায় পার্থের জামিন মঞ্জুরও করে, তা হলেও এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। কারণ ইডির মামলা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন রয়েছে।সবমিলিয়ে শিক্ষা দুর্নীতি নিয়ে আইনি লড়াই জোরালো হয়ে উঠেছে।





