শর্ত ভেঙে বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী? ফের কি হতে পারে জেলযাত্রা?
পার্থর আইনজীবীর বক্তব্য, ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ এড়িয়ে যাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী
Truth of Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি থাকার পর গত বছরের শেষে জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে সেই জামিনের শর্ত মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবারও আদালতে হাজির হননি তিনি। এর পরেই তাঁর জামিন খারিজের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই। জামিনের শর্ত অনুযায়ী, প্রতি সপ্তাহে অন্তত একদিন আদালতে হাজিরা দেওয়ার কথা পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু তদন্তকারী সংস্থার অভিযোগ, তিনি নিয়মিত সেই নির্দেশ মেনে চলছেন না। একাধিকবার অনুপস্থিত থাকার পর এবার তাঁর জামিন বাতিলের আর্জি জানানো হয়েছে। এই আবেদনের শুনানি হওয়ার কথা আগামী ২৯ সেপ্টেম্বর।
যদিও পার্থর আইনজীবীর বক্তব্য, ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ এড়িয়ে যাচ্ছেন না প্রাক্তন মন্ত্রী। তিনি বর্তমানে অসুস্থ, সেই কারণেই প্রতি সপ্তাহে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না। জামিনের অন্য কোনও শর্ত তিনি লঙ্ঘন করেননি বলেও দাবি করেছেন তাঁর আইনজীবী। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের জুলাই মাসে প্রথমে ইডি এবং পরে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগ দুর্নীতিতে তাঁর ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ ওঠে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পার্থ-ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির নামও সামনে আসে।
দীর্ঘ প্রায় তিন বছর জেলবন্দি থাকার পর ২০২৫ সালের নভেম্বরে শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেয় সিবিআইয়ের বিশেষ আদালত। সেই সময়ই নিয়মিত আদালতে হাজিরা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। এবার সেই শর্তই মানা হয়নি বলে অভিযোগ তুলে জামিন খারিজের আবেদন করেছে সিবিআই। ফলে ২৯ সেপ্টেম্বরের শুনানি পার্থ চট্টোপাধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আদালত সিবিআইয়ের আবেদন মঞ্জুর করবে, নাকি অসুস্থতার যুক্তি বিবেচনা করে জামিন বহাল রাখবে—এখন নজর সেদিকেই।






