বিস্ফোরক শতাব্দী, গদ্দারদের দল থেকে বহিষ্কার করা হবে
Explosive century, Gaddars will be expelled from the party

The Truth Of Bengal : দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে দলের একাংশের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। করলেন বিস্ফোরক মন্তব্য। বললেন “যারা দলে থেকে বেইমানি করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেইসব গদ্দারদের দল থেকে বহিষ্কার করা হবে। দলে থাকলেন অথচ দলের বিরুদ্ধে কাজ করবেন তাদের আর দলে রাখা হবে না। এবারের ভোটে সেই সব মানুষদের চিনে নেওয়া হয়েছে। দলের পজিশন হোল্ড করবে অথচ দলের বিরুদ্ধে কাজ করবে দল বরদাস্ত করবে না।” এদিন শতাব্দী রায় আরও বলেন, “হিন্দু পাড়ায় গিয়ে যারা বিজেপিতে ভোট দিতে বলছেন অথচ তৃণমূলের সামনে থাকছেন তারা বিজেপি করুন। তৃণমূল করতে হবে না। সেই সব গাদ্দারদের দলে দরকার নেই।”
দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শতাব্দী রায়। দুবরাজপুর শহরের রবীন্দ্র সদনে এই কর্মসূচিতে যোগ দিয়ে কড়া বার্তা দিলেন তিনি। উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ শতাব্দী রায়, তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী, জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখার্জি, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুন কুমার চক্রবর্তী সহ আরও অনেকে। এদিন এই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূলের অঞ্চল বুথ সভাপতিদের সম্মাননা জানানো হয়। এছাড়াও দুবরাজপুর ব্লক এলাকার ১০ টি গ্রাম পঞ্চায়েতের যে এলাকা থেকে বেশি ভোট পেয়েছে তার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে মেডেল ও একটা করে ট্রফি দেওয়া হয়। দুবরাজপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এসে এদিন সাংসদ শতাব্দী রায় বলেন, যাঁরা দলে থেকে গদ্দারি করেছেন তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। তাছাড়াও ভোটে খারাপ ফল হওয়ার জন্য অনুষ্ঠান মঞ্চ থেকে বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিব ঠাকুর মণ্ডলকে ভর্ৎসনা করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়।






