আবারও উত্তপ্ত দিনহাটা, বোমাবাজি বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে
জানা গিয়েছে, ঘটনার পুরো ভিডিওটি সিসিটিভিতে ধরা পড়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে বাইকে করে কয়েকজন দুষ্কৃতি এসে সেই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে।
Truth Of Bengal: ভোটমুখী বাংলায় আবারও উত্তপ্ত কোচবিহার জেলার দিনহাটা। অজয় রায় নামে এক গেরুয়া শিবিরের নেতার বাড়ি লক্ষ্য করে বোমবাজির অভিযোগ। দলের বক্তব্য, ঘটনায় হাত রয়েছে শাসক শিবিরের। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে অস্বীকার করেছে ঘাসফুল শিবির। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেখানে।
জানা গিয়েছে, ঘটনার পুরো ভিডিওটি সিসিটিভিতে ধরা পড়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে বাইকে করে কয়েকজন দুষ্কৃতি এসে সেই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছে। বিজেপি নেতা অজয় রায় দাবি করেছেন, “রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতি নিয়ে এসে বোমাবাজি করে পালিয়ে যায় মন্ত্রী উদায়ন গুহুর ছেলে।” এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনকে ভয় পেয়েই এই হামলা।
তবে শাসকদল সেই বিজেপি নেতার তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন খোদ মন্ত্রী উদায়ন গুহ। তাঁর বক্তব্য, “কোনও ঘটনা ঘটেনি বোমাবাজির মতো।” পাশাপাশি, নিজের বক্তব্য জানিয়েছেন ঘাসফুল শিবিরের দিনহাটা শহর ব্লক যুব সভাপতি পার্থ সাহা। তিনি বলেন, “কোনও গুরুত্ব নেই বিজেপি নেতার কথার। আমার বাড়ি পাশেই। ওখানেই যাচ্ছিল সায়ন্তন গুহ। কেন অজয় রায়ের মতো এক চুনোপুটি নেতার বাড়িতে ও বোমাবাজি করতে যাবে?” এখানেই শেষ নয়, বিজেপি নেতাকে কটাক্ষ করা হয় মাতাল বলেও। তবে দিনের শেষে এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা।





