রাজ্যের খবর

নববর্ষে পাকা রাস্তার দাবি, ক্ষোভে ফুঁসছে দেবনগরের গ্রামবাসীরা

Devnagar villagers are fuming with anger over the strong demand for paved roads in the New Year

Truth Of Bengal: নতুন বছরের সূচনাতেও বদলায়নি পুরনো সমস্যার চেহারা। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের দেবনগর উত্তরপাড়া গ্রামের প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি মাটির রাস্তা আজও পাকা হওয়ার অপেক্ষায়। এই রাস্তা দিয়েই প্রতিদিন চলাচল করেন প্রায় ২৫০টি পরিবারের মানুষ, অথচ দীর্ঘদিন ধরে রাস্তাটি পড়ে রয়েছে অবহেলায়।
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, বর্ষাকালে রাস্তাটি কাদা-মাখা হয়ে অচল হয়ে পড়ে। স্কুলপড়ুয়া শিশুদের পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ায় এই দুরবস্থা। রোগী পরিবহন করতেও পড়তে হয় ভয়ঙ্কর সমস্যায়, কারণ কোনও অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না। অসুস্থ রোগীকে তখন দোলনায় করে নিয়ে যেতে হয় রাস্তায় উঠতে। এমনকি মহিলারাও জল আনতে বেরিয়ে পড়েন দুর্ভোগে।
এমন অবস্থা বহুদিন ধরে চললেও প্রশাসনিক হস্তক্ষেপ ছিল শুধুই কাগজে কলমে। গ্রামবাসীরা জানিয়েছেন, বহুবার ব্লক প্রশাসন, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা দপ্তরে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।
বাংলা নববর্ষের প্রাক্কালে এবার এই গ্রামের মানুষরা একজোট হয়েছেন তাঁদের দাবি জানাতে। তাঁদের সোজা কথা—পাকা রাস্তা চাই, আর নয় আশ্বাস। স্থানীয় বাসিন্দা ভারতী দলপতি বলেন, “বর্ষাকালে হাঁটাও যায় না, শিশুরা স্কুল যেতে পারে না, অসুস্থ হলে হাসপাতালে পৌঁছনোই কষ্টকর। আর কতদিন এইভাবে চলবে?” কল্পনা দলপতি আরও বলেন, “প্রতিবার ভোটের আগে নেতারা বলেন কাজ হবে, কিন্তু পরে কেউ আর ফিরেও তাকায় না।”

এবিষয়ে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, রাস্তার কাজের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খুব শীঘ্রই ডবল ইঁটের সোলিং-এর মাধ্যমে রাস্তাটি তৈরি করা হবে বলে তিনি আশ্বাস দেন।
তবে গ্রামবাসীদের আস্থা নেই আর শুধুমাত্র কথার উপর। তাঁদের প্রশ্ন, “প্রতিবারই তো একই কথা শোনা যায়। এবার কি সত্যিই হবে কাজ, না কি আবার অপেক্ষার পালা?”
দেবনগর উত্তরপাড়া গ্রামের এই রাস্তা যেন গ্রামীণ পরিকাঠামোর বেহাল অবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নববর্ষে এই দাবির জোরালো সরবতা দেখাচ্ছে—এখন আর মানুষ আশ্বাসে নয়, চায় দৃশ্যমান উন্নয়ন। এবার দেখার, প্রশাসন বাস্তবে কতটা এগোয়।

Related Articles