সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে মৎস্যজীবী
মঙ্গলবার সকালে প্রতিবেশী সন্তোষ মন্ডল ও দুঃখীরাম মন্ডল দুই সঙ্গীকে নিয়ে সুন্দরবের গহীণ জঙ্গলের নদীখাঁড়িতে গিয়েছিলেন মাছকাঁকড়া ধরতে।
Truth Of Bengal: লোকেশ হালদার ,দক্ষিণ চব্বিশ পরগনা: সুন্দরবন জঙ্গল লাগোয়া খাড়িতে মাছ ধরতে গিয়ে বাঘের কবলে মৎস্যজীবী। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে জঙ্গলে তলাশি। নিখোঁজ মৎস্যজীবির নাম প্রদীপ মন্ডল(৩৫)। নিখোঁজ মৎস্যজীবির বাড়ি গোসাবা ব্লকের সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত সাতজেলিয়া পঞ্চায়েতের সুকুমারী উত্তর পাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের চামটা জঙ্গল সংলগ্ন নদীখাঁড়ি এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,সুকুমারী উত্তর পাড়া গ্রামের মৎস্যজীবি প্রদীপ মন্ডল। মঙ্গলবার সকালে প্রতিবেশী সন্তোষ মন্ডল ও দুঃখীরাম মন্ডল দুই সঙ্গীকে নিয়ে সুন্দরবের গহীণ জঙ্গলের নদীখাঁড়িতে গিয়েছিলেন মাছকাঁকড়া ধরতে। বুধবার দুপুর ১২ টা নাগাদ তারা চামটা জঙ্গলের নদীখাঁড়িতে কাঁকড়া ধরার দোন ফেলছিলেন আপনমনে। সেই সময় একটি বাঘ সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে আসে। টার্গেট করতে থাকে প্রদীপকে। সুযোগ বুঝে পিছন থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে ওই মৎস্যজীবির ঘাড়ের উপর ।তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দুই সঙ্গী আক্রান্তকে বাঁচাতে নৌকার দাঁড় আর গাছের ডাল নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে।
দীর্ঘ প্রায় একঘন্টা চলে বাঘে মানুষের লড়াই। বাঘ তার শিকার ছাড়তে নারাজ। অগত্যা বার বার হুঙ্কার দিয়ে অপর দুই মৎস্যজীবির উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। বেগতিক বুঝে রণে ভঙ্গদেয় সঙ্গী দুই মৎস্যজীবি।বাঘ তার শিকার নিয়ে গহীন জঙ্গলে চলে যায়।সঙ্গীরা নৌকায় উঠে পড়ে। দাঁড় বেয়ে রাতেই গ্রামের ঘাটে ফিরে আসে। খবর দেয় আক্রান্ত মৎস্যজীবির পরিবারে। ঘটনার খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে পরিবার। অন্যদিকে আজ সকালে দেহ উদ্ধারের জন্য গ্রাম থেকে লোকজন সুন্দরবন জঙ্গলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাড়িতে নিখোঁজ মৎস্যজীবির অন্তঃস্বত্বা স্ত্রী ববিতা বর্মন শোকেস্তব্ধ অবস্থায়,তাকে সান্ত্বনা দিতে এলাকার মানুষের ভিড় চোখে পড়ার মতো।






