অভিষেকের পর ডেরেক! ক্যামাক স্ট্রিট কাণ্ডে শেক্সপিয়র সরণি থানার তলব
রবিবার সকাল ৯টার পর শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন।
Truth of Bengal: ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার তলব করা হল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে পুরসভা ও পুলিশের আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগের তদন্তে তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। ঘটনার সময় ডেরেক ওই দপ্তরেই উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
রবিবার সকাল ৯টার পর শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা ডেরেকের প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে পৌঁছন। কয়েকবার ডাকাডাকির পর তাঁর এক প্রতিনিধি বাইরে আসেন। পুলিশের তরফে সেই প্রতিনিধির হাতেই সমনের নোটিস তুলে দেওয়া হয়। সূত্রের খবর, সোমবার ডেরেককে থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে।
এর আগে একই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে পুলিশ। শনিবার রাতে শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে সমনের নোটিস দেন। জানা গিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা নাগাদ তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তরে পৌঁছেছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। অভিযোগ, সেখানে থাকা একটি বেআইনি বিলবোর্ড সরাতে গেলে উত্তেজনা ছড়ায়। দপ্তরের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশ ও পুরসভার কর্মীদের ধস্তাধস্তি হয় বলে অভিযোগ ওঠে।
পুলিশের অভিযোগ, সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি কয়েকজন আধিকারিককে মারধর করা হয়। এক পুলিশকর্মীর কলার ধরার অভিযোগও সামনে এসেছে। মহিলা পুলিশকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে পৃথক ধারায় মামলাও রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার পর শেক্সপিয়র সরণি থানায় মোট তিনটি এফআইআর দায়ের হয়েছে। একটি অভিযোগ করেন পুরসভার এক আধিকারিক, অন্যটি দায়ের করেন পার্ক স্ট্রিট থানার এক সার্জেন্ট। তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
এবার একই ঘটনায় অভিষেকের পর ডেরেক ও’ব্রায়েনকেও তলব করায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তদন্তে তাঁদের কাছ থেকে ঘটনার সময়কার পরিস্থিতি, উপস্থিত ব্যক্তিদের ভূমিকা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইতে পারে পুলিশ।




