বিনোদন

রাত ১টার রহস্যময় লাইভ, হঠাৎ বন্ধ ফোন! রণজয়কে নিয়ে উদ্বেগ

ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উদ্বেগ।

Truth of Bengal: মাঝরাতে আচমকা ফেসবুক লাইভে এসে অনুরাগীদের উদ্বেগে ফেললেন অভিনেতা রণজয় বিষ্ণু। সময় তখন প্রায় রাত ১টা। অন্ধকার রাস্তায় দ্রুত হাঁটতে বা ছুটতে দেখা যায় তাঁকে। কণ্ঠে ছিল আতঙ্ক, বারবার পিছনে তাকাচ্ছিলেন তিনি। লাইভে রণজয়ের দাবি, কেউ তাঁকে অনুসরণ করছে। কিন্তু ঠিক কী ঘটেছে, তা বোঝার আগেই হঠাৎ বন্ধ হয়ে যায় লাইভ। এরপর তাঁর ফোনও বন্ধ পাওয়া যায়।

ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে উদ্বেগ। অনুরাগীদের একটাই প্রশ্ন—রণজয় ঠিক আছেন তো? লাইভ চলাকালীন তাঁর আচরণ দেখে মনে হচ্ছিল, কোনও অস্বস্তিকর পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করছেন তিনি। কিন্তু হঠাৎ লাইভ বন্ধ হয়ে যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়।

গত কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন রণজয়। অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিবাহিত জীবন নিয়ে নানা জল্পনা চলছে। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে—এমন গুঞ্জনও ছড়িয়েছে। পাশাপাশি রণজয়ের সঙ্গে অন্য এক অভিনেত্রীর নাম জড়িয়েও বিভিন্ন আলোচনা হয়েছে। যদিও এই সমস্ত বিষয় নিয়ে নিশ্চিত কোনও তথ্য সামনে আসেনি।

এর আগেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে লাগাতার চর্চায় বিরক্তি প্রকাশ করেছিলেন রণজয়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা তাঁকে মানসিকভাবে চাপে ফেলছে। একই সঙ্গে শ্যামৌপ্তিকে নিয়ে আপত্তিকর মন্তব্য না করার অনুরোধও করেছিলেন তিনি। তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান করার আবেদন জানিয়েছিলেন অভিনেতা।

সম্প্রতি শ্যুটিংয়ের সময়ও অসুস্থ হয়ে পড়েছিলেন রণজয়। ফলে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে অনুরাগীদের মধ্যে আগে থেকেই উদ্বেগ ছিল। তার মধ্যেই মাঝরাতের রহস্যময় ফেসবুক লাইভ নতুন করে প্রশ্ন তুলেছে।

তবে পরে নিজেই ঘটনার ইঙ্গিত দেন অভিনেতা। একটি পোস্টে রণজয় জানান, রাতের লাইভের পর থেকে তাঁর কাছে প্রচুর ফোন এবং বার্তা এসেছে। সকালে ফোন চালু করার পর একের পর এক মেসেজ ও কল পান তিনি। কী ঘটেছিল, তা খুব শীঘ্রই বিস্তারিত জানাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

ফলে এখন অপেক্ষা রণজয়ের পরবর্তী বক্তব্যের। সত্যিই কি কেউ তাঁকে অনুসরণ করছিল, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—সেই প্রশ্নের উত্তর আপাতত অভিনেতার নিজের ব্যাখ্যাতেই মিলবে।

Related Articles